Monday , 27 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

শাহবাগ থানায় শিক্ষার্থী-সাংবাদিকদের ওপর হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবি

শাহবাগ থানার ভেতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী, ডাকসুর দুই সম্পাদক ও সাংবাদিকদের ওপর ছাত্রদলের হামলার ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানিয়েছে জুলাই ঐক্য।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে শহীদ ওসমান হাদি চত্বরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান জুলাই ঐক্যের সংগঠক ফাহিম ফারুকী।

সংবাদ সম্মেলনে ফাহিম ফারুকী অভিযোগ করেন, ২৩ এপ্রিল শাহবাগ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যাওয়া ঢাবি শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলার পর সেখানে যাওয়া ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মোসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ এবং সমাজসেবা সম্পাদক এবি জুবায়েরসহ কয়েকজন শিক্ষার্থী ও সাংবাদিকের ওপর হামলা চালানো হয়।

তিনি বলেন, হামলার ঘটনায় মুসাদ্দেক আলী ও এবি জুবায়ের গুরুতরভাবে আক্রান্ত হন এবং তাদের ওপর একাধিকবার আক্রমণ করা হয়। ঘটনাটিকে ‘পরিকল্পিত’ উল্লেখ করে তিনি বলেন, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে।

ফাহিম ফারুকী আরও বলেন, সরকার ও প্রশাসন এ ধরনের ঘটনার মাধ্যমে নিজেদের ব্যর্থতা আড়াল করতে চায় এবং ক্যাম্পাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করছে। একইসঙ্গে তিনি পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন এবং বলেন, ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ না নিয়ে উল্টো পরিস্থিতি অবনতির দিকে ঠেলে দেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার, বিচার নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানানো হয়।

এ বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন জুলাই ঐক্যের নেতারা।

 

সর্বশেষ - রংপুর