কিশোরগঞ্জে মাদকবিরোধী সভায় ৩৫০ শিক্ষার্থীর মাদককে না বলার শপথ
‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, এমন শপথে মাদককে না বলেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫০ শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় তারা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে।
রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।
এতে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং সহকারী অধ্যাপক লোকমান আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘আসুন আমরা শপথ নিই, যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।’ এ সময় উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে তাঁর সঙ্গে মাদকবিরোধী শপথ নেয়।
এর আগে মাদকমুক্ত কিশোরগঞ্জ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে তাদের কাছ থেকে বিভিন্ন ধারণা ও উদ্যোগের কথা শোনেন প্রধান অতিথি। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা এবং পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরির আহ্বান জানান।


আপনার মতামত লিখুন