ডিমলায় যুবদলের দুই নেতাকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ
নীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের আহ্বায়ক আশিকুল ইসলাম লিমন ও সদস্যসচিব সহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ নিয়ে কথা বলায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫ টায় ডিমলা উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা উপজেলা স্মৃতিসৌধ চত্বরে সমবেত হয়ে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদ জানান।
কর্মসূচিতে ‘আজকের শিক্ষা, আগামী দিনের নেতৃত্ব’ এবং ‘অন্ধকার থেকে আলোর দিকে যাত্রাই হলো শিক্ষা’ এমন স্লোগান সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরেন তাঁরা।
সমাবেশে বক্তব্য দেন ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুর ইসলাম রাসেল, সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশিকুল ইসলাম লিমন ও সদস্যসচিব সহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।
বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ নিয়ে কথা বলার জেরেই উপজেলা যুবদলের এই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অব্যাহতি প্রত্যাহারের দাবি জানান।


আপনার মতামত লিখুন