খুঁজুন
, ,

ক্ষতিকর রং দিয়ে চিপস তৈরি, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:২৭ অপরাহ্ণ
ক্ষতিকর রং দিয়ে চিপস তৈরি, কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা

রীর সৈয়দপুরে অনুমোদনহীন কারখানায় ক্ষতিকর রং ও শিল্প লবণ ব্যবহার করে চিপস তৈরি ও বাজারজাত করার অভিযোগে আলমগীর চিপস কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানায় থাকা নিষিদ্ধ ক্ষতিকর রং ও শিল্প লবণ ধ্বংস করা হয়।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৪টার দিকে সৈয়দপুর শহরের ওয়াপদা মোড় এলাকায় কারখানাটিতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারাহ ফাতেহা তাকলিমা। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সিহাব উদ্দিন, কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) সৈয়দপুর শাখার সভাপতি আল আমিন হোসেন এবং থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ওয়াপদা মোড় এলাকার আলমগীর চিপস কারখানায় অভিযান চালানো হয়। এ সময় অনুমোদনহীন কারখানাটিতে ক্ষতিকর রং মিশিয়ে চিপস তৈরি ও বাজারজাত করার বিষয়টি ধরা পড়ে। পরে ভ্রাম্যমাণ আদালত কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পাশাপাশি কারখানায় থাকা নিষিদ্ধ ক্ষতিকর রং ও শিল্প লবণ ধ্বংস করা হয়।

খাদ্যপণ্যে অননুমোদিত রং ও শিল্প লবণের ব্যবহার জনস্বাস্থ্যের জন্য উদ্বেগের কারণ। বিশেষ করে শিশুদের কাছে জনপ্রিয় চিপসের মতো খাবার তৈরিতে এসব উপাদান ব্যবহার করা হলে ভোক্তারা স্বাস্থ্যঝুঁকিতে পড়তে পারেন। তাই খাদ্য উৎপাদন ও বাজারজাতের ক্ষেত্রে নিরাপদ উপাদান ব্যবহার এবং প্রযোজ্য অনুমোদন নিশ্চিত করা জরুরি।

সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারাহ ফাতেহা তাকলিমা বলেন, অভিযান চালিয়ে কারখানাটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নিষিদ্ধ ক্ষতিকর রং ও শিল্প লবণ ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানাটির সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় সংশোধনের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনের সড়কে সিসিটিভি বসাচ্ছে রসিক

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১:৫০ অপরাহ্ণ
ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনের সড়কে সিসিটিভি বসাচ্ছে রসিক

রংপুরে ছাত্রীদের নিরাপত্তা ও যৌন হয়রানি রোধে নগরীর সকল বিদ্যালয়ের সামনের সড়ককে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। ইতোমধ্যে নগরীর শতকরা ৬০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর আরডিআরএস হলরুমে ‘লিঙ্গ ভিত্তিক গতানুগতি ধারণা ও বৈষম্য দূরীকরণ’ শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন এ তথ্য জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভয়কে দূর করে নিজের উন্নয়নে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজের যেসব বাধা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলায় কাজ করতে হবে। জেন্ডার ইস্যুসহ সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে সিটি করপোরেশন।

তিনি আরও বলেন, দ্রুতই নগরীর সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি স্থাপন করা হবে। এতে করে নারী শিক্ষার্থীরা নিরাপদে, নির্ভয়ে সড়কে চলাচল করতে পারবে। সেই সাথে কমবে অপরাধ প্রবণতা।

রুপান্তরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রহমান নাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেদারল্যান্ড অ্যাম্বাসির কর্মকর্তা হ্যারি মরিল, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্লান ইন্টারন্যাশনাল কর্মকর্তা মাহিন রেজা চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায়সহ অন্যরা।

মায়ের অনুপ্রেরণায় নিশাতের স্বপ্নযাত্রা, গান থেকে অভিনয়-মডেলিংয়

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ণ
মায়ের অনুপ্রেরণায় নিশাতের স্বপ্নযাত্রা, গান থেকে অভিনয়-মডেলিংয়

ছোটবেলা থেকে গান, নাচ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আগ্রহী রংপুরের তরুণী নিশাত তাসনিম মাইশা। গান দিয়ে মিডিয়ায় পথচলা শুরু করে অভিনয় ও মডেলিংয়ে কাজ করছেন তিনি। একই সঙ্গে উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়েও এগিয়ে যাচ্ছেন।

নিশাত তাসনিম মাইশার জন্ম রংপুরে। তাঁর শিক্ষাজীবন কেটেছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজে। পড়াশোনার পাশাপাশি গান, নাচ ও হামদ-নাতে অংশ নিয়ে বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেন তিনি। এসএসসিতে এ প্লাস এবং এইচএসসিতে এ গ্রেড পান।

ছোটবেলায় বড় বাবার কাছ থেকে উপহার পাওয়া হারমোনিয়াম তাঁর সংগীতচর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সংগীতশিক্ষক খাদিমুল ইসলাম বসুনিয়ার কাছে গান শেখার মধ্য দিয়ে সাংস্কৃতিক অঙ্গনে তাঁর পথচলা আরও সমৃদ্ধ হয়। পরে নিজের গানের মিউজিক ভিডিও ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়ে উপার্জন শুরু করেন তিনি।

তাঁর পথচলা সহজ ছিল না। পরিবারের সবার সমর্থন না পেলেও মা সব সময় পাশে ছিলেন। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার জন্য ঢাকায় আসার সিদ্ধান্ত নেওয়ার পর আর্থিক সংকটের মুখে পড়তে হয় তাঁকে। পড়াশোনার খরচ চালাতে খণ্ডকালীন চাকরির পাশাপাশি ফটোশুট ও প্রচারণামূলক ভিডিওতে কাজ করেছেন তিনি। নানা বাধা পেরিয়ে মার্কেটিং বিষয়ে বিবিএ সম্পন্ন করেন মাইশা।

শিক্ষাজীবন শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ইন্টার্নশিপ করেন তিনি। পরে একটি ট্রাভেল এজেন্সি ও এক্স সিরামিকস গ্রুপে কাজের অভিজ্ঞতা অর্জন করেন। পাশাপাশি অভিনয়েও যুক্ত ছিলেন। তাঁর মূল চরিত্রে অভিনীত নাটক ‘বিএফ’ মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয়। এ ছাড়া ‘মায়ের চুরি, ডিরেক্টরের পেড়া ‘ফ্রিতে ঝামেলা’’ নাটক এবং ‘সাইলেন্স বিটুইন আস’ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি।

তাঁর জীবনে আরও কিছু কার্যক্রম যুক্ত করতে সাহায্য করেন এক শুভাকাঙ্ক্ষী। তিনি সুইমিং, আইইএলটিএস ও বিউটি পেজেন্টের জন্য তাঁকে উৎসাহিত করেন।

নাচ, গান, অভিনয় ও বাইক রাইডের পাশাপাশি বর্তমানে মডেলিংয়ে গ্রুমিং ও আইইএলটিএসের প্রস্তুতি নিচ্ছেন নিশাত। ভবিষ্যতে বিদেশে এমবিএ করার পরিকল্পনা রয়েছে তাঁর। এ ছাড়া টিভিসি ও ওভিসিতে ভালো কাজ করে দর্শকদের কাছে নিজের পরিচিতি আরও বাড়াতে চান তিনি।

নিজের স্বপ্নের পাশাপাশি অসহায় শিশুদের জন্য কাজ করার ইচ্ছাও রয়েছে এই তরুণীর। তাঁর বিশ্বাস, সফলতা অর্জনের জন্য প্রতিভার পাশাপাশি ধৈর্য, পরিশ্রম ও আত্মবিশ্বাস প্রয়োজন। তরুণদের উদ্দেশে তাঁর পরামর্শ, অন্যের সঙ্গে নিজেকে তুলনা না করে নিজের গতিতে এগিয়ে যেতে হবে। ধীরে ধীরে হলেও নিয়মিত চেষ্টা চালিয়ে গেলে একদিন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব।

 

 

ডিমলায় যুবদলের দুই নেতাকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ
ডিমলায় যুবদলের দুই নেতাকে অব্যাহতির প্রতিবাদে বিক্ষোভ

নীলফামারীর ডিমলায় উপজেলা যুবদলের আহ্বায়ক আশিকুল ইসলাম লিমন ও সদস্যসচিব সহিদুল ইসলামকে অব্যাহতি দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন সংগঠনটির একাংশের নেতাকর্মীরা। জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ নিয়ে কথা বলায় তাঁদের অব্যাহতি দেওয়া হয়েছে বলে দাবি বিক্ষোভকারীদের।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৫ টায় ডিমলা উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে নেতাকর্মীরা উপজেলা স্মৃতিসৌধ চত্বরে সমবেত হয়ে অব্যাহতির সিদ্ধান্তের প্রতিবাদ জানান।

কর্মসূচিতে ‘আজকের শিক্ষা, আগামী দিনের নেতৃত্ব’ এবং ‘অন্ধকার থেকে আলোর দিকে যাত্রাই হলো শিক্ষা’ এমন স্লোগান সামনে রেখে নিজেদের অবস্থান তুলে ধরেন তাঁরা।

সমাবেশে বক্তব্য দেন ডিমলা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব হালিমুর ইসলাম রাসেল, সাবেক ছাত্রনেতা আইয়ুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক আশিকুল ইসলাম লিমন ও সদস্যসচিব সহিদুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের যুবদলের নেতাকর্মীরা।

বিক্ষোভকারীদের অভিযোগ, জেলা যুবদলের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে টেন্ডারবাজির অভিযোগ নিয়ে কথা বলার জেরেই উপজেলা যুবদলের এই দুই নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁরা এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে অব্যাহতি প্রত্যাহারের দাবি জানান।