খুঁজুন
, ,

দুর্গাপূজায় নিরাপত্তায় ৫৬ বিজিবির বিশেষ ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
দুর্গাপূজায় নিরাপত্তায় ৫৬ বিজিবির বিশেষ ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিজিবি জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল পরিচালনা করা হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারির পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং সদর দপ্তরের আশপাশের পূজামণ্ডপগুলোতে নিবিড়ভাবে দায়িত্ব পালন করা হবে।

তিনি আরও বলেন, পূজার দিনগুলোতে ২৪ ঘণ্টা টহল দল মাঠে থাকবে। পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু করা হয়েছে।

 

শসার জমিতে রঙিন তরমুজ চাষে নীলফামারীর ওমর আলীর চমক

জেলা প্রতিনিধি, নীলফামারী
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ২:৩৫ অপরাহ্ণ
শসার জমিতে রঙিন তরমুজ চাষে নীলফামারীর ওমর আলীর চমক

একসময় যে জমিতে চাষ করতেন শসা, সেই জমিতেই এবার মাচাং পদ্ধতিতে ফলিয়েছেন রঙিন তরমুজ। নতুন ফসল, নতুন অভিজ্ঞতা সঙ্গে ছিল লোকসানের ভয় আর মানুষের নানা কথা। তবু দমে যাননি নীলফামারী সদর উপজেলার কৃষক ওমর আলী। পরিচিত এক ব্যবসায়ীর পরামর্শে শুরু করেন রঙিন তরমুজের চাষ। তিন বিঘার বেশি জমিতে এখন তার প্রায় ছয় হাজার গাছ রয়েছে। শুরুতে ব্যয় হয়ছে প্রায় তিন লাখ টাকা। ফলন ও বাজারদর অনুকূলে থাকলে এই আবাদ থেকেই সাত থেকে নয় লাখ টাকার তরমুজ বিক্রির স্বপ্ন দেখছেন তিনি।

ওমর আলীর জমিতে চাষ হচ্ছে কিং সুগার ও সূর্য ডিম জাতের রঙিন তরমুজ। কৃষকের দেওয়া তথ্য অনুযায়ী, এর মধ্যে কিং সুগার জাতের প্রায় চার হাজার এবং সূর্য ডিম জাতের প্রায় দুই হাজার গাছ রয়েছে। ঢাকা থেকে একটি কোম্পানির মাধ্যমে বীজ সংগ্রহ করে জমিতে রোপণ করেন তিনি। চাষের প্রায় ৫০ দিন পার হয়েছে। সবকিছু ঠিক থাকলে ৭০ দিনের মধ্যে তরমুজ বিক্রির উপযোগী হবে বলে আশা করছেন এই কৃষক।

জানা যায়, প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে মাচাং পদ্ধতিতে রঙিন তরমুজ চাষ করছেন ওমর আলী। জমিতে মাচা তৈরি করে তার ওপর গাছের বিস্তার ঘটিয়েছেন তিনি। এ পদ্ধতিতে গাছ ও ফলের পরিচর্যা, রোগবালাই পর্যবেক্ষণ এবং ফলের সুরক্ষায় বিশেষ নজর দিতে হচ্ছে তাকে। নতুন ফসলের পাশাপাশি মাচাং পদ্ধতিতে চাষ করায় অভিজ্ঞতারও প্রয়োজন হচ্ছে। নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে প্রথমবারের এই আবাদ থেকে ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি।

আগে একই জমিতে শসা চাষ করতেন ওমর আলী। উৎপাদিত শসা বিক্রি করতেন এক ব্যবসায়ীর কাছে। সেই ব্যবসায়ীর পরামর্শেই রঙিন তরমুজ চাষের পরিকল্পনা করেন তিনি। তরমুজ বিক্রি না হলেও প্রতি মণ ১ হাজার ৬০০ টাকা দরে কিনে নেওয়ার আশ্বাস দিয়েছিলেন ওই ব্যবসায়ী। সেই ভরসা এবং নতুন কিছু করার আগ্রহ থেকেই চাষে নামেন ওমর আলী।

তবে শুরুটা সহজ ছিল না। নতুন ফসল হওয়ায় চাষপদ্ধতি সম্পর্কে তার অভিজ্ঞতা ছিল সীমিত। উৎপাদন ব্যর্থ হলে বিনিয়োগ হারানোর শঙ্কাও ছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল এলাকার মানুষের নানা মন্তব্য। সব শঙ্কা উপেক্ষা করে নিজের উদ্যোগ ও পরিশ্রমের ওপর আস্থা রেখে এগিয়ে যান তিনি।

রঙিন তরমুজের আবাদে যেমন সম্ভাবনা রয়েছে, তেমনি রয়েছে রোগবালাই ও পরিচর্যার চ্যালেঞ্জ। পোকামাকড়ের আক্রমণ, ফল পচে যাওয়া কিংবা সেচ ব্যবস্থাপনায় সামান্য ভুলেও ক্ষতির আশঙ্কা থাকে। তাই ফলের সুরক্ষায় জমিতে প্রায় ছয় হাজার নেট ব্যাগ ব্যবহার করেছেন কৃষক। প্রতিটি ব্যাগে রাখা হয়েছে একটি করে তরমুজ।

কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চাষের একপর্যায়ে ওমর আলীর তরমুজগাছ রোগে আক্রান্ত হয়েছিল। পরে কৃষি কর্মকর্তারা তাঁর জমি পরিদর্শন করেন। চাষের বিভিন্ন দিক পর্যবেক্ষণ করে তাঁকে প্রয়োজনীয় পরামর্শ দেন। প্রথমবারের অভিজ্ঞতায় কিছু সমস্যার মুখোমুখি হলেও কৃষি কর্মকর্তাদের সহযোগিতায় সেসব সমস্যা মোকাবিলার চেষ্টা করছেন তিনি।

ওমর আলীর হিসাব অনুযায়ী, তিন বিঘার বেশি জমিতে রঙিন তরমুজ চাষে তার খরচ হয়েছে প্রায় তিন লাখ টাকা। প্রতি কেজি ৬০ থেকে ৮০ টাকা দরে বিক্রি করতে পারলে মোট বিক্রির পরিমাণ সাত থেকে নয় লাখ টাকা হতে পারে বলে আশা করছেন তিনি।

তবে এই হিসাব সম্ভাব্য বিক্রির। উৎপাদিত তরমুজের পরিমাণ, ফলের গুণগত মান, রোগবালাইয়ের ক্ষতি, বাজারদর ও অন্যান্য খরচের ওপর নির্ভর করবে প্রকৃত লাভ। ব্যবসায়ীর কাছ থেকে তরমুজ কেনার যে আশ্বাস পেয়েছেন, সেটি বাস্তবে কার্যকর হবে কি না, তা-ও তার জন্য গুরুত্বপূর্ণ।

প্রথমবারের এই চাষে সফল হতে পারলে ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে রঙিন তরমুজের আবাদ বাড়াতে চান ওমর আলী। তার আশা, নতুন এই ফসল একদিকে যেমন তার আয়ের সম্ভাবনা বাড়াবে, অন্যদিকে এলাকার কৃষকদেরও বিকল্প ফসল চাষে আগ্রহী করে তুলতে পারে।

ওমর আলী বলেন, আমার শুরুটা এত সহজ ছিল না। বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলেছেন। লোকসান হবে, ফল হবে না এমন আরও কত কথা শুনতে হয়েছে। তবে আমি যে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেটিতে অটল ছিলাম। কারণ, এর আগে যখন শসা চাষ শুরু করি, তখনো মানুষ একই রকম কথা বলেছিলেন। তাই ভয়টা কম ছিল।

তিনি আরও বলেন, বীজ সংগ্রহ করে রোপণের পর যখন ফল আসতে শুরু করে, তখন আবার ওই ব্যক্তিরাই বলেন, তাঁরাও চাষ করবেন। তবে ফসল আসার পর আমার বাগান একটি রোগে আক্রান্ত হয়। তখন কিছুটা হিমশিম খেতে হয়। এরপর তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি। আশা করছি, ফল বিক্রির পর মোটামুটি একটা লাভের মুখ দেখতে পারব।

প্রথমবারের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রথমবার চাষ করতে গিয়ে অনেক ভুল হয়েছে। কৃষি কর্মকর্তারা এসে বিভিন্ন বিষয় বুঝিয়ে দিয়েছেন। আগে যেসব বিষয় জানা ছিল না, সেগুলো শিখতে পেরেছি। তারা বিভিন্ন পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন। আগামীতে তাদের পরামর্শ অনুযায়ী চাষ করতে পারলে আরও বেশি লাভবান হতে পারব বলে আশা করছি।

নীলফামারীতে রঙিন তরমুজ চাষের নতুনত্ব তুলে ধরে ওমর আলী বলেন, নীলফামারীতে এই তরমুজ চাষের উদ্যোগ আমার জানা মতে নতুন। মনের জোরে চাষ শুরু করেছি। আশা করি, এটি লাভজনক ফসল হিসেবে প্রতিষ্ঠিত হবে। তবে অনেক পরিশ্রম করতে হয়। দিন-রাত জমিতে থাকতে হয়।

নীলফামারী সদর উপজেলা কৃষি কর্মকর্তা আতিক আহমেদ বলেন, আমরা তার জমি পরিদর্শন করেছি। তিনি যখন বীজ রোপণ করে চাষাবাদ শুরু করেন, তখন আমাদের অবগত করেননি। আমরা নিজেরাই খোঁজ নিয়ে সেখানে গিয়েছি। তিনি দুই জাতের তরমুজ চাষ করছেন। ফলন ভালো হয়েছে। তবে যতটুকু জেনেছি, একবার তার গাছগুলো বড় ধরনের রোগে আক্রান্ত হয়েছিল। তিনি আমাদের অবগত করলে আমরা রোগ নির্ণয় করে প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ দিতে পারতাম।

নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, যেকোনো উদ্যোক্তা এ ধরনের নতুন নতুন ফসল ফলাতে আগ্রহী হলে শুরুতেই নিকটস্থ কৃষি অফিসের সঙ্গে পরামর্শ করবেন। তাহলে নতুন কোনো রোগ বা সমস্যায় পড়লে আমাদের দপ্তর থেকে বিভিন্ন পরীক্ষা করে রোগ নির্ণয় এবং প্রয়োজনীয় ওষুধের পরামর্শ দেওয়া সম্ভব হবে। এতে দ্রুত রোগ নিরাময় করা যেতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক হোমায়রা মণ্ডল বলেন, আমরা এই উদ্যোক্তার জমি পরিদর্শন করেছি। খুব ভালো ফলন হয়েছে। নীলফামারীতে রঙিন তরমুজ চাষ নতুন উদ্যোগ। তিনি নিজ উদ্যোগে এত বড় উদ্যোগ নিয়েছেন, এজন্য তাকে সাধুবাদ জানাই। তার জন্য আমাদের কৃষি অফিস সার্বক্ষণিক সহযোগিতা করার চেষ্টা করছে। যেকোনো ধরনের পরামর্শ ও সহযোগিতার জন্য আমরা প্রস্তুত আছি।

 

‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, দৃশ্যমান উন্নয়ন নেই

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৩৩ অপরাহ্ণ
‘১৮ বছরে রেলে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয়, দৃশ্যমান উন্নয়ন নেই

গত ১৮ বছরে রেল খাতে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করা হলেও দৃশ্যমান উন্নয়ন হয়নি বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তার অভিযোগ, অর্থের অপচয়, অপ্রয়োজনীয় ব্যয় ও লুটপাটের কারণে রেল খাত প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারেনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শেখ রবিউল আলম বলেন, ‘অনির্বাচিত ফ্যাসিবাদী সরকার গত ১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা ব্যয় করেছে। কিন্তু রেলের দৃশ্যমান কোনো উন্নয়ন চোখে পড়েনি।’ তার ভাষ্য, অনেক ক্ষেত্রে রেল খাত স্থবির হয়ে পড়েছে, কোথাও পিছিয়ে গেছে, আবার কোথাও অবকাঠামো ধ্বংস হয়েছে।

মন্ত্রী বলেন, সময়ের সঙ্গে রেলের সেবার মানে কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি। টানা ১৮ বছর সরকার পরিচালিত হলেও রেল খাতের যথাযথ দেখভাল করা হয়নি। ফলে এ খাত প্রত্যাশিত উন্নয়ন থেকে পিছিয়ে পড়েছে। বর্তমান পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা চলছে। তবে এ অবস্থার পরিবর্তন আনতে কিছুটা সময় লাগবে।

তিনি আরও বলেন, রেলের যাত্রীদের প্রত্যাশিত সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী তৎপর রয়েছেন।

এ সময় সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলামসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
রংপুরে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২, আহত ৩

রংপুরের পীরগঞ্জ পৌরসভার নতুন ভবনের নির্মাণকাজ চলাকালে ছাদের সাটারিং ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকেরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার আসাদুল হক (৩০) ও রংপুর সদর উপজেলার শিহাব (১৯)।

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পৌরসভার নির্মাণাধীন ভবনে সকালে ১৩ জন শ্রমিক ছাদের ঢালাইয়ের কাজ করছিলেন। এ সময় হঠাৎ সাটারিং ভেঙে পড়লে কয়েকজন শ্রমিক নিচে চাপা পড়েন। খবর পেয়ে পীরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালায়।

গুরুতর আহত অবস্থায় শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক আসাদুল হক ও শিহাবকে মৃত ঘোষণা করেন। আহত তিন শ্রমিককে প্রথমে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা নাজমুল সরকার জানান, দুর্ঘটনায় দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত তিনজনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছিল।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হবে।

ওসি নাজমুল হক বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।