ডিমলায় ১১ পিস ইয়াবাসহ আটক, মোটরসাইকেল জব্দ
নীলফামারীর ডিমলায় ১১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শ্রী রঞ্জন দেবনাথ নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ডোঙ্গর বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধীন থানারহাট বিওপির একটি টহলদল হাবিলদার মো. আলী ওসমানের নেতৃত্বে ডোঙ্গর বাজার এলাকায় অবস্থান নেয়। এ সময় মোটরসাইকেলযোগে সেখানে আসা এক ব্যক্তিকে থামার সংকেত দেওয়া হলে তিনি মোটরসাইকেল ফেলে অন্ধকারের মধ্যে পাশের ক্ষেত দিয়ে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা ধাওয়া করে তাঁকে আটক করেন।
আটক রঞ্জন দেবনাথ ডিমলা উপজেলার খগারহাট এলাকার নিকীন দেবনাথের ছেলে। তাঁর কাছ থেকে ১১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেলের আনুমানিক জব্দমূল্য ১ লাখ ৬৩ হাজার ৩০০ টাকা।
বিজিবি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি, উদ্ধার করা ইয়াবা ও মোটরসাইকেল ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান বন্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন