নীলফামারীর ডোমার উপজেলায় আকস্মিক শিলা বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেছে। বিশেষ করে বোরো ধান, মরিচসহ বিভিন্ন ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় কৃষকরা।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে হঠাৎ করে শুরু হওয়া শিলা বৃষ্টি প্রায় ১০-১৫ মিনিট স্থায়ী হয়। এ সময় শিলাবৃষ্টিতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিস্তীর্ণ ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়।
উপজেলার বেশ কয়েকটি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, ধান, মরিচ, ভুট্টার ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে মরিচ গাছের শাখা-প্রশাখা ভেঙে পড়ে আছে জমিতে। কোথাও কোথাও সবজি খেত সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। মৌসুমি সবজির ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
এ বিষয়ে কৃষক করিমুল ইসলাম বলেন, এ ধরনের শিলা বৃষ্টি হবে আমি কল্পনাও করতে পারিনি। আজকে আমার মরিচ তোলার কথা ছিল, মরিচ তুলে বাজারে নিয়ে যেতাম। রাতের মধ্যেই সব শেষ হয়ে গেল। এখন এই আবাদে যে পরিমাণ ক্ষতি হয়েছে, কীভাবে খরচ তুলব বুঝতে পারছি না।
আরেক কৃষক জানান, অনেক কষ্ট করে ঋণ নিয়ে চাষাবাদ করেছি। কিন্তু এই শিলাবৃষ্টিতে সব নষ্ট হয়ে গেছে। আমরা এখন চরম বিপদে পড়েছি।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উল্লেখযোগ্য পরিমাণ জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা মাঠ পর্যায়ে গিয়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুত করছি। সরকারের পক্ষ থেকে সহায়তা দেওয়ার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

















