নীলফামারীর ডোমারে এক প্রবাসীর স্ত্রীকে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে আটক হয়েছেন পুলিশ সদস্য আতিকুর রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) বিকালে ডোমার সদর ইউনিয়নের হুজুরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আতিকুর ওই গৃহবধূর বাড়িতে গিয়ে বিয়ের প্রস্তাব দেন। এ সময় পরিবারের লোকজন তাকে আটক করে। রাত ১১টার দিকে মুচলেকা নিয়ে ডোমার থানা পুলিশ তাকে উদ্ধার করে।
আতিকুর রহমান কুড়িগ্রাম সদর উপজেলার খলিলগঞ্জ হরিরামপুর এলাকার হোসেন আলীর ছেলে। পূর্বে তিনি ডোমার থানায় কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন এবং বর্তমানে নীলফামারী পুলিশ লাইন্সে কনস্টেবল হিসেবে কাজ করছেন।
জানা গেছে, ডোমার থানায় থাকার সময় আতিকুরের সঙ্গে ওই নারীর শ্বশুরবাড়ির সদস্যদের সম্পর্ক গড়ে ওঠে। চার মাস আগে ওই গৃহবধূ আইনি পরামর্শ নিতে গিয়ে আতিকুরের সঙ্গে পরিচিত হন। সম্প্রতি, পারিবারিক সমস্যার কারণে তিনি বাবার বাড়িতে অবস্থান করছিলেন।
ভুক্তভোগীর স্বজনরা জানান, শুক্রবার জুমার পর সমঝোতার মাধ্যমে তাকে শ্বশুরবাড়িতে পাঠানোর প্রস্তুতি চলছিল। এসময় আতিকুর বিয়ের প্রস্তাব দেন, যা নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়। ওই গৃহবধূ বলেন, তিনি তার সংসারের সমস্যা নিয়ে আতিকুরের সাথে আলোচনা করতেন।
গৃহবধূর শ্বশুর জানান, আতিকুর তাদের পরিবারের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছিলেন। তবে সন্দেহের কারণে তাদের যোগাযোগ বন্ধ ছিল। অভিযুক্ত আতিকুর বলেন, তিনি দাম্পত্য সমস্যা থাকায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। নীলফামারী পুলিশ লাইন্সের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো. বদিউজ্জামান জানান, আতিকুর শুক্রবার রোল কলে অনুপস্থিত ছিলেন এবং শনিবার সকালে যোগদান করেন।












