খুঁজুন
, ,

স্কুলে গিয়েছিল ওমর ফারুক, বাড়ি ফেরা হলো না আর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
স্কুলে গিয়েছিল ওমর ফারুক, বাড়ি ফেরা হলো না আর

প্রতিদিনের মতো সকালেও স্কুলে গিয়েছিল আট বছরের ওমর ফারুক, ক্লাস শেষে বাড়ি ফেরার কথা ছিল তার। কিন্তু বাড়ি ফেরা আর হলো না বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল শিশুটির। মুহূর্তেই শেষ হয়ে গেল তার ছোট্ট জীবনের পথচলা।

রোববার (১৫ নভেম্বর) সকালে নীলফামারীর ডোমার উপজেলার কাজীরহাট মাইলস্টোন কিন্ডারগার্টেন স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওমর ফারুক ওই বিদ্যালয়ের স্ট্যান্ডার্ড নার্সারি শ্রেণির শিক্ষার্থী।

সে ডোমার উপজেলার চান্দখানা এলাকার কলোনীপাড়ার বাসিন্দা মনিরুজ্জামান নুরির ছোট ছেলে। এক ভাই ও এক বোনের মধ্যে সে ছিল পরিবারের ছোট সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, সকালে বিদ্যালয়ে যাওয়ার পর রাস্তা পারাপারের সময় একটি অটোরিকশা ওমর ফারুককে ধাক্কা দেয়। এতে তার মাথা ও বুকে গুরুতর আঘাত লাগে। দুর্ঘটনার পর অটোরিকশাটি ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।

বিদ্যালয়ের পরিচালক জাহাঙ্গীর আলম জানান, দুর্ঘটনার সময় তিনি বিদ্যালয়ের ভেতরে ছিলেন। বাইরে মানুষের ভিড় দেখে এগিয়ে গিয়ে জানতে পারেন, তার বিদ্যালয়ের এক শিক্ষার্থী সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। পরে দ্রুত শিশুটিকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) সাহেব আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়। তিনি নিহত শিশুর সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে বালু ভর্তি ট্রাক, প্রান গেল ঘুমন্ত শিশুর

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে বালু ভর্তি ট্রাক, প্রান গেল ঘুমন্ত শিশুর

রংপুর নগরীর পশ্চিম খাসবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে যায় একটি ডাম্প ট্রাক,এসময় গুরুতর আহত হন ওই ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা শিশু সিনথিয়া ও তার অন্তঃসত্ত্বা মা । স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভর্তি করান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।

শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিনথিয়ার মৃত্যু হয়। তার বয়স ৮ বছর।

পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে নগরীর খাসবাগ এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি বাড়ির ভিতরে ঢুকে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিনথিয়া মারা যায়। তার মা আশা বেগম বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।

ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি: ঠাকুরগাঁও
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৪:০৭ অপরাহ্ণ
ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মানিককে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার প্রায় দেড় মাস পর ময়মনসিংহের নান্দাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবির মিডিয়া শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ওই দিন সন্ধ্যায় বাড়ির লোকজন স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফিরে তারা টিউবওয়েলের পাশে বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার মাথার পেছনে রক্তাক্ত জখম দেখতে পান এবং পরীক্ষা করে তাকে মৃত বলে বুঝতে পারেন। এ সময় বাড়িতে থাকা তিনটি পানি তোলার পাম্পও চুরি হয়েছে বলে দেখতে পান তারা।

এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় মামলা করেন। মামলার নম্বর ৯।

এসআরবি জানায়, মামলার পর থেকেই আসামি গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটে এসআরবি-১৩ দিনাজপুরের সিপিসি-১ এবং এসআরবি-১৪ ময়মনসিংহ ক্যাম্পের সিপিএসসির একটি যৌথ দল নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার মানিক চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এসআরবি আরও জানায়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

নীলফামারীর কিশোরগঞ্জে

জাপা নেতার বিরুদ্ধে জমি দখল ও ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
জাপা নেতার বিরুদ্ধে জমি দখল ও ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলামের বিরুদ্ধে ২৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করা এবং ২০ লাখ টাকায় বিক্রি করা ৯ শতক জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে রিপন মিয়া বলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে রশিদুল ইসলামের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে তাকে ২৪ লাখ টাকা ধার দেন তিনি। এ ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সময় মাগুড়া চেকপোস্ট এলাকায় অবস্থিত ৯ শতক জমি রশিদুল ইসলামের কাছ থেকে ২০ লাখ টাকায় ক্রয় করেন। জমির সম্পূর্ণ মূল্য পরিশোধের পর যথারীতি দলিল রেজিস্ট্রি সম্পন্ন হলেও পরবর্তীতে ওই জমি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, পাওনা টাকা ফেরত চাইলে রশিদুল ইসলাম নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ২৪ লাখ টাকা পরিশোধ না করার পাশাপাশি ক্রয় করা জমির দখল বুঝিয়ে দিতেও অস্বীকৃতি জানান। এ ছাড়া বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন রিপন মিয়া।

এ বিষয়ে অভিযুক্ত নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে বিরোধের সমাধান হবে।