রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার
রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা আক্তার মরিয়ম ওরফে আঁখি (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা পুলিশ।
শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের লালবাগ চৌকিহাটি রেললাইন সংলগ্ন আব্দুর রহমানের বাড়ির পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আফসানা আক্তার মরিয়ম ওরফে আঁখি নগরীর কোতোয়ালী থানার লালবাগ বালাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম এবং মায়ের নাম মোছা. ফেরদৌসী বেগম।
পুলিশ জানায়, অভিযানের সময় তার দখল থেকে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১৭৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক বহন ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি Samsung Galaxy S23 Ultra এবং একটি Symphony Innova 30 মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।
রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় তাজহাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে এবং আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন