খুঁজুন
, ,

জলঢাকায় ট্রাক-অটোচার্জার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
জলঢাকায় ট্রাক-অটোচার্জার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, আহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকার দিঘীরপাড়ে জলঢাকা-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নলিত চন্দ্র রায় ওই ইউনিয়নের ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন খারিজা গোলনা পূর্বপাড়া এলাকার অটোচার্জার ভ্যানচালক চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নবাবগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে জলঢাকার দিকে যাচ্ছিল অটোচার্জার ভ্যানটি। পথে দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। তবে রংপুরে নেওয়ার পথে নলিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয় পুলিশ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর গ্রেপ্তার জামালপুরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
পঞ্চগড়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর গ্রেপ্তার জামালপুরে

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁর শ্বশুর মো. দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার খণ্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি ওই গৃহবধূর শ্বশুর এবং হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত-আট মাস আগে দেলোয়ার হোসেনের ছেলে শাহিনুর ইসলামের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা দাবি করা হলে গৃহবধূর পরিবার তিন লাখ ২০ হাজার টাকা দেয়। বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে যৌতুকের বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এসআরবি জানায়, মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ দল শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর দেলোয়ার হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, জরিমানা ৩০ হাজার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ১২:৪২ অপরাহ্ণ
তারাগঞ্জে অবৈধভাবে মজুত ১১৭ বস্তা সার জব্দ, জরিমানা ৩০ হাজার

রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে মজুত করে রাখা ১১৭ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় কনক কুমার দত্ত (৫৭) নামে এক ব্যক্তিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১১টা থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত উপজেলার কুর্শা ইউনিয়নের থানার মোড়ে এ অভিযান চালানো হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোনাববর হোসেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, অভিযানে কনক কুমার দত্তের হেফাজত থেকে ১১৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ৬০ বস্তা এমওপি, ৩০ বস্তা ডিএপি, ১৫ বস্তা ইউরিয়া ও ১২ বস্তা মরকক সার রয়েছে। জব্দ করা সারের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৮ হাজার টাকা।

সার ব্যবস্থাপনা আইন, ২০০৬-এর ১২(১) ধারায় অবৈধভাবে সার মজুতের দায়ে কনক কুমার দত্তকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাঁকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্ত কনক কুমার দত্ত কুর্শা বাজারের থানাপাড়া এলাকার মৃত কৃষ্ণ কুমার দত্তের ছেলে।

জব্দ করা সার সরকারি গুদামে জমা দেওয়ার জন্য উপসহকারী কৃষি কর্মকর্তা আমিনুল ইসলামকে নির্দেশ দেওয়া হয়েছে। অভিযানে কৃষি বিভাগের কর্মকর্তা ও তারাগঞ্জ থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

ইউএনও মো. মোনাববর হোসেন বলেন, ‘কৃষকদের সার নিয়ে কোনো ধরনের কারসাজি বরদাশত করা হবে না। অবৈধভাবে সার মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি কিংবা বেশি দামে বিক্রির চেষ্টা করলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

১৫০০ কৃষককে কৃষি উপকরণ প্রদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৩:০৯ অপরাহ্ণ
১৫০০ কৃষককে কৃষি উপকরণ প্রদান

নীলফামারীতে পাঁচ’শ কৃষককে এনসিসি ব্যাংক পিএলসি’র উদ্যোগে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (৫নভেম্বর) জেলা শহরের শহিদ মিনার প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে সুবিধাভোগী কৃষকদের মাঝে উপকরণ প্রদান করেন সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

এতে সভাপতিত্ব করেন ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন। সম্মানিত অতিথি হিসেবে ব্যাংকটির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ নূরুন নেওয়াজ, জেলা পরিষদ প্রশাসক এ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী শামীম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপ-পরিচালক হুমায়রা মন্ডল বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, এনসিসি ব্যাংক শুধু ব্যবসায় করে না তারা কৃষকদের নিয়েও চিন্তা করেন। ব্যাংকটির মুনাফা থেকে কৃষকদের উপকরণ দিচ্ছে।
ব্যাংকটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তুহিন বলেন, আমি ব্যাংকটির ব্যবস্থাপনা কমিটির কাছে অনুরোধ করেছিলাম নীলফামারী সরকারী কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্তে একটি বাস দেয়ার জন্য, তারা সেটি গ্রহণ করেছেন এবং দ্রুত বাসটি পাওয়া যাবে। ইতোপুর্বে এ রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে জানান তুহিন।

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম সামসুল আরেফিন জানান, উপকারভোগী একজন কৃষক ডিএপি সার ২০ কেজি, এমওপি ১৫ কেজি, জিপসাম ১০ কেজি, জিংক ১ কেজি ও ধান বীজ রয়েছে ৫ কেজি করে দেয়া হয়েছে।

তিনি জানান, নীলফামারী ছাড়াও ডোমার ও ডিমলা উপজেলার ৫’শ করে কৃষকদের এই কৃষি উপকরণ প্রদান হচ্ছে।