জলঢাকায় মকবুল হত্যা মামলার চার আসামি ঢাকায় গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় চার আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ২ নম্বর আসামি পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মতিয়ার রহমান (৫৫), ৩ নম্বর আসামি রফিকুল ইসলাম (৪৮), ৯ নম্বর আসামি রাসেল (২৪) ও ১০ নম্বর আসামি মিজান (২২)।
বুধবার (৪ নভেম্বর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চলাচলের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। স্বজনেরা তাঁকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেন।
এসআরবি জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২ ও এসআরবি-১০-এর ঢাকার সিপিএসসির যৌথ দল অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই মামলার ৪ নম্বর আসামি আনারুলকে গ্রেপ্তার করেছিল এসআরবি।
গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।


আপনার মতামত লিখুন