খুঁজুন
, ,

 কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
 কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না’ এ স্লোগান সামনে রেখে নীলফামারীর কিশোরগঞ্জে বাজারে বাজারে মাদকবিরোধী প্রচারণা শুরু করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ভয়েস অব কিশোরগঞ্জ।

মঙ্গলবার (৩ নভেম্বর) রাতে উপজেলার বড়ভিটা বাজারে এ প্রচারণা চালানো হয়। হ্যান্ড সাউন্ড বক্সে মাদকবিরোধী স্লোগান প্রচার, ফেস্টুন ও প্ল্যাকার্ড প্রদর্শন এবং লিফলেট বিতরণের মাধ্যমে বাজারের দোকানে দোকানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন সংগঠনটির সদস্যরা।

প্রচারণাকালে ব্যবসায়ী ও স্থানীয় লোকজনের মধ্যে মাদকের ক্ষতিকর দিক তুলে ধরা হয়। এ সময় বাজারের ব্যবসায়ীরা মাদকবিরোধী কার্যক্রমের প্রতি সমর্থন জানান। পাশাপাশি বাজার, পাড়া-মহল্লা ও শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের প্রচারণা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান তাঁরা।

ভয়েস অব কিশোরগঞ্জ মাদকবিরোধী কমিটির আহ্বায়ক তৌহিদুর রহমান তৌহিদ ও সদস্যসচিব সাংবাদিক আবু হাসান শেখের নেতৃত্বে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে সংগঠনটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান ও খোকনুজ্জামান, সদস্য আশরাফুল ইসলাম রাজু এবং মিডিয়া সেলের সাহেব আলীসহ বড়ভিটা ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার তরুণ ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।

 

জলঢাকায় মকবুল হত্যা মামলার চার আসামি ঢাকায় গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৩:১৯ অপরাহ্ণ
জলঢাকায় মকবুল হত্যা মামলার চার আসামি ঢাকায় গ্রেপ্তার

নীলফামারীর জলঢাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেন হত্যা মামলার এজাহারনামীয় চার আসামিকে ঢাকায় গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মামলার ২ নম্বর আসামি পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার মতিয়ার রহমান (৫৫), ৩ নম্বর আসামি রফিকুল ইসলাম (৪৮), ৯ নম্বর আসামি রাসেল (২৪) ও ১০ নম্বর আসামি মিজান (২২)।

বুধবার (৪ নভেম্বর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চলাচলের রাস্তা নিয়ে পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। স্বজনেরা তাঁকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ভাই মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় একটি হত্যা মামলা করেন।

এসআরবি জানায়, মামলার আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী সিপিসি-২ ও এসআরবি-১০-এর ঢাকার সিপিএসসির যৌথ দল অভিযান চালিয়ে চার আসামিকে গ্রেপ্তার করে।

এর আগে গত ২৯ সেপ্টেম্বর একই মামলার ৪ নম্বর আসামি আনারুলকে গ্রেপ্তার করেছিল এসআরবি।

গ্রেপ্তার চারজনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

 

ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি জব্দ, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:১১ অপরাহ্ণ
ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি জব্দ, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা

নীলফামারীর  ডিমলায় ঢাকা থেকে নাইট কোচে করে আনা ১৬০ কেজি পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে মাছগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিনষ্ট করে মাটিতে পুতে ফেলার নির্দেশ দেওয়া হয়। একই অভিযানে ফুটপাত দখল এবং অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ডিমলা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-শুটিবাড়ি রুটের একটি নাইট কোচে করে ২০টি প্লাস্টিকের ক্যারেটে এসব চিংড়ি মাছ বাজারে আনা হয়। মাছগুলো থেকে পচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেগুলো আটকে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে মাছগুলো পরিদর্শন করেন। খাওয়ার অনুপযোগী হওয়ায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মাছগুলো বিনষ্ট করে মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।

অভিযানকালে ফুটপাত দখল করে মালামাল রাখায় মেসার্স মনি হার্ডওয়্যার স্টোরের মালিক সেলিমকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানায় উপজেলা প্রশাসন।

এ ছাড়া অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা করে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স রাজু মিনি ফিলিং স্টেশনের মালিক রাজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ মিনি পাম্পটি বিনষ্ট ও বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছগুলো বিনষ্টের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ মিনি পেট্রোল পাম্প পরিচালনা এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কলি রানী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কলি রানী

শারীরিক সীমাবদ্ধতা, অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবলের কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কাউনিয়ার অকুতোভয় তরুণী কলি রানী। জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, কলম ধরার সাধ্য নেই। কিন্তু মনের ভেতরের যে আলো, তাকে নিভতে দেয়নি সে। ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৫০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন কাউনিয়া কলেজের এই শিক্ষার্থী।

উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে কলি রানী। তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই বাবাকে হারান তিনি। এরপর থেকে মা রূপালী রানীর পরম মমতা আর সাহসেই পথ চলা তার।

মা রূপালী রানী জানান, জন্মগত প্রতিবন্ধকতা থাকলেও কলি কখনো দমে যাননি। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে সঙ্গী করে নিজের চেষ্টায় আজ এতদূর এসেছেন তিনি।

পড়াশোনার পাশাপাশি কলির রয়েছে বহুমুখী প্রতিভা। ডান পা দিয়েই সে অনায়াসে মোবাইল ও কম্পিউটার পরিচালনা করতে পারেন। শুধু তাই নয়, গানের জগতেও রয়েছে তার দারুণ দখল। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ইতোমধ্যে তিনি কুড়িয়েছেন একাধিক পুরস্কার ও প্রশংসা।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও, কলি রানী সবার সঙ্গে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই পরীক্ষা দেন তিনি। নিয়মমাফিক তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গেই তিনি প্রতিটি পরীক্ষা সম্পন্ন করে আজ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, কলি রানী পা দিয়ে লিখেই জিপিএ-৩.৫০ পেয়েছে। আমরা তার এ ফলাফলে খুবই খুশি।

পা দিয়ে লিখে এর আগেও তিনি প্রাথমিক সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া কলি রানীর স্বপ্ন এখন আকাশছোঁয়া।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কলি জানান, তিনি উচ্চশিক্ষা শেষ করে একজন বিসিএস ক্যাডার হতে চান এবং দেশ ও মানুষের সেবা করতে চান। তিনি প্রমাণ করতে চান- শারীরিক প্রতিবন্ধকতা কখনো স্বপ্ন পূরণের পথে প্রাচীর হতে পারে না।

উচ্চশিক্ষা ও স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনার জন্য কলি রানী ও তার পরিবার সবার আশীর্বাদ ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।