নারী থেকে পুরুষ হওয়ার দাবি, বিয়ে করলেন তরুণীকে
আগে ছিলেন মেয়ে। এখন নিজেকে পুরুষে রূপান্তরিত হয়েছেন বলে পরিচয় দেন তিনি। বিয়ে করেছেন এক তরুণীকে।
ঠাকুরগাঁওয়ে নিজেকে রাফি ইসলাম নামে পরিচয় দেওয়া এক ব্যক্তির লিঙ্গ পরিবর্তনের দাবি ও অন্য এক তরুণীর সঙ্গে বিয়ের ঘটনা নিয়ে স্থানীয়ভাবে আলোচনা তৈরি হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় কৌতূহল দেখা দিয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) ঠাকুরগাঁও সদর উপজেলার সালন্দর ইউনিয়নের বাতেনের মোড় গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। রাফি ওই এলাকার আজিজুল ইসলামের সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তির আগের নাম সুমা আক্তার। তিনি সদর উপজেলার চণ্ডীপুর গ্রামের আজিজুল ইসলামের সন্তান। বর্তমানে তিনি রাফি ইসলাম নামে পরিচিত এবং নিজেকে পুরুষ হিসেবে পরিচয় দেন। সম্প্রতি অন্য এক তরুণীর সঙ্গে তার বিয়ের বিষয়টি সামনে এলে স্থানীয়দের মধ্যে আলোচনা শুরু হয়।
স্থানীয় বাসিন্দা আলম হক বলেন, আমরা তো জানি, সুমা মেয়ে। তবে বেশ কিছুদিন ধরে তার চলাফেরায় পরিবর্তন লক্ষ করা যাচ্ছিল এবং সে ছেলেদের পোশাক পরে ঘোরাঘুরি শুরু করে। পরে আমরা তার নতুন নাম জানতে পারি, রাফি। আজকে সে মেয়ে পালিয়ে নিয়ে এসে বিয়ে করছে শুনলাম। সে আসলেই ছেলে হয়েছে কি না, তার কোনো প্রমাণ নেই।
সুমাইয়া নামের এক নারী বলেন, মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করছে। আমি জানি, সে মেয়ে। দেখলে বোঝা যায়। যদি সে ছেলে হয়ে থাকে, তাহলে আমাদের প্রমাণ দেখাক।
বাবা আজিজুল হক বলেন, আমার মেয়ে যে ছেলেতে রূপান্তরিত হয়েছে, আমি বিষয়টি জানি। প্রায় দুই মাস আগে পার্বতীপুরের এক তরুণীর সঙ্গে রাফির সম্পর্ক গড়ে ওঠে। দুই পরিবারের মধ্যে বিষয়টি জানাজানি হলে মেয়ের পরিবার বিয়েতে সম্মতি দেয়নি। পরে ওই তরুণী বাড়ি ছেড়ে এসে রাফিকে বিয়ে করে আজ আমার বাড়িতে নিয়ে আসে।
সালন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলে এলাহি মুকুট চৌধুরী বলেন, এটি আমার ইউনিয়নের ঘটনা। সংশ্লিষ্ট ব্যক্তির লিঙ্গ পরিচয় বা শারীরিক পরিবর্তন সম্পর্কে চিকিৎসাগত কোনো তথ্যপ্রতিবেদন আমি পাইনি। তাই এ বিষয়ে অনুমাননির্ভর কিছু বলতে পারছি না।


আপনার মতামত লিখুন