প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সৈয়দপুর বিমানবন্দর সড়কে চলছে সাজসজ্জা
শারদীয় দুর্গোৎসবে আগামীকাল ২০ অক্টোবর মঙ্গলবার ধর্মসভা মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে নীলফামারীর সৈয়দপুরে চলছে সাজসজ্জার কাজ।
সোমবার (১৯ অক্টোবর) সকালে সৈয়দপুর বিমানবন্দর সড়ক ও শহরের বিভিন্ন জায়গায় এমন চিত্র দেখা যায়।
শহর ঘুরে দেখা যায়, সাজসজ্জার অংশ হিসেবে সড়কের পাশে বিভিন্ন ব্যানার টাঙানো হচ্ছে। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বর্ণিল রূপে সাজতে শুরু করেছে শহর। রং-বেরঙের ব্যানার-ফেস্টুন লাগানো হচ্ছে। এছাড়াও সড়কের বিভিন্ন জায়গায় রং করে সাজানো হচ্ছে। সড়কের পাশে বিভিন্ন ময়লা আবর্জনা পরিস্কার পরিচ্ছন্ন করা হচ্ছে।প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উচ্ছ্বসিত নেতাকর্মী ও সাধারণ মানুষ।
প্রধানমন্ত্রীর সফর সূচি অনুযায়ী, আগামী মঙ্গলবার প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯ টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এরপর প্রধানমন্ত্রী সেখান থেকে রংপুর নগরীর রাধা গোবিন্দ মন্দির পরিদর্শনের উদ্দেশ্যে সেখান থেকে রওনা দেবেন। বেলা ১১ টার দিকে তিনি রাধা গোবিন্দ মন্দির পরিদর্শন করবেন। এরপর তিনি আবার সৈয়দপুর বিমানবন্দর ফিরে রাজশাহী এবং রাজশাহী থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন বলে সফর সূচীতে উল্লেখ রয়েছে।
এবিষয়ে সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি আব্দুর গফুর সরকার ঢাকা পোস্টকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান রংপুর যাচ্ছেন। তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে সড়ক পথে রংপুরে যাবেন ৷ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে আমরা উচ্ছ্বসিত সেইসঙ্গে বরন করে নিতে আমরা প্রস্তুত।
রাজনৈতিক জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহিন আক্তার ঢাকা পোস্টকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সকাল ১০ টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে সড়ক পথে রংপুরে যাবেন। তিনি সেখানে গিয়ে দুর্গাপূজা মন্ডব পরিদর্শন করবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরে এসে রাজশাহীর উদ্দেশ্য যাত্রা করবেন। এ উপলক্ষ্যে বিএনপি ও অঙ্গসংগঠন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাব।
সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক ফারাহ ফাতেহা তাকমিলা ঢাকা পোস্টকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী সৈয়দপুর পৌরসভার ওপর দিয়ে রংপুরে যাবেন। আমরা পৌরসভা কর্তৃপক্ষ শহরের বিভিন্ন জায়গায় ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন করছি। পাশাপাশি বিভিন্ন জায়গার রং এবং ডিভাইডার মেরামত করছি। এছাড়া যেগুলো ময়লার স্তূপ রয়েছে সেখানে বালু দিয়ে ঢেকে দেওয়া হয়েছে।
সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা ঢাকা পোস্টকে বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর আগমন ঘিরে সকল ধরনের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে, আমরা সর্বস্তরের নিরাপত্তা নিশ্চিত করব।


আপনার মতামত লিখুন