দুর্গাপূজায় নিরাপত্তায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি
0-0x0-0-0#
শারদীয় দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিংয়ের পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।
শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরে এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে স্থানীয় পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩। পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাশকতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়েও নজরদারি রাখা হবে। প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।
লিখিত বক্তব্যে দুর্গাপূজাকে ধর্মীয় উৎসবের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।
এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে এসআরবি-১৩।


আপনার মতামত লিখুন