জলঢাকায় ট্রাক-অটোচার্জার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, আহত ২
নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।
রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকার দিঘীরপাড়ে জলঢাকা-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নলিত চন্দ্র রায় ওই ইউনিয়নের ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন খারিজা গোলনা পূর্বপাড়া এলাকার অটোচার্জার ভ্যানচালক চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নবাবগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে জলঢাকার দিকে যাচ্ছিল অটোচার্জার ভ্যানটি। পথে দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। তবে রংপুরে নেওয়ার পথে নলিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয় পুলিশ।
জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন