খুঁজুন
, ,

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করা হলে ছেড়ে দেওয়া হবে না

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করা হলে ছেড়ে দেওয়া হবে না

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এ প্রকল্পকে ঘিরে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী এসে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তাকে নিয়ে আজ দেশে-বিদেশে নানা কথা হচ্ছে। এ পরিস্থিতিতে কোনো অপশক্তি যদি আমাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিস্তাকে ঘিরে আরও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইতোমধ্যে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট নথিতে স্বাক্ষর করেছেন। অর্থমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে স্বাক্ষর করলে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির জন্য বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এ প্রক্রিয়ায় প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এরপর শুরু হবে দরপত্র প্রক্রিয়া। এসব ধাপ সম্পন্ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

কিশোরগঞ্জে মাদকবিরোধী সভায় ৩৫০ শিক্ষার্থীর মাদককে না বলার শপথ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মাদকবিরোধী সভায় ৩৫০ শিক্ষার্থীর মাদককে না বলার শপথ

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, এমন শপথে মাদককে না বলেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫০ শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় তারা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে।

রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

এতে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং সহকারী অধ্যাপক লোকমান আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘আসুন আমরা শপথ নিই, যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।’ এ সময় উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে তাঁর সঙ্গে মাদকবিরোধী শপথ নেয়।

এর আগে মাদকমুক্ত কিশোরগঞ্জ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে তাদের কাছ থেকে বিভিন্ন ধারণা ও উদ্যোগের কথা শোনেন প্রধান অতিথি। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা এবং পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরির আহ্বান জানান।

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন

ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় ৩৩ শতাংশ ভোট পড়েছে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১:০৬ অপরাহ্ণ
ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় ৩৩ শতাংশ ভোট পড়েছে

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণের প্রথম চার ঘণ্টায় ৩৩ শতাংশ ভোট পড়েছে দুপুর সাড়ে ১২টায় এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. আনোয়ার হোসেন।

তিনি বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় ৩৩ শতাংশ ভোট পড়েছে। এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে।

ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভূল্লী) আসনের ১৮৫টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ চলছে। এর মধ্যে ঠাকুরগাঁও সদর উপজেলায় ১১৩টি, নবগঠিত রুহিয়া উপজেলায় ৩৩টি এবং ভুল্লী উপজেলায় ৩৯টি ভোটকেন্দ্র রয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৫ হাজার ৮৫৩ জন। তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ২১৯ জন, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৩০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার চারজন। এ ছাড়া পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ২৮৭ জন। তাদের মধ্যে পুরুষ ২৪৯ জন ও নারী ৩৮ জন।

এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন পাঁচজন প্রার্থী। তারা হলেন- বিএনপির মির্জা ফয়সল আমীন, জামায়াতে ইসলামী ও সমমনা দলগুলোর প্রার্থী দেলাওয়ার হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম, মো. আবদুল আলীম নিজামী এবং হুসাইন মুহাম্মদ ওমর ফারুক। তাদের মধ্যে বিএনপির মির্জা ফয়সল আমীন ও জামায়াতের দেলাওয়ার হোসেনকে প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হচ্ছে।

গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ছয়জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে বিএনপির মো. ওবায়দুল্লাহ মাসুদ প্রার্থিতা প্রত্যাহার করেন। ফলে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকেন পাঁচজন।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ২৮ হাজার ৭৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের দেলাওয়ার হোসেন পেয়েছিলেন ১ লাখ ৩২ হাজার ৫৮৪ ভোট। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী খাদেমুল ইসলাম পেয়েছিলেন ৩ হাজার ৮৩৩ ভোট।

পরে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় আসনটি শূন্য হয়। এরপর এ আসনে উপনির্বাচনের আয়োজন করা হয়।

 

নীলফামারীর ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

ডেস্ক নিউজ
প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
নীলফামারীর ডিমলায় বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত

নীলফামারীর ডিমলায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়।

র‍্যালিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমরানুজ্জামান, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ডিমলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কল্পনারানী সেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে এক জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা সুস্থ ও সুন্দর জীবন গঠনে সঠিক নিয়মে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরেন। তাঁরা বলেন, নিয়মিত ও সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার অভ্যাস নানা রোগের সংক্রমণ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখতে সবাইকে হাত ধোয়ার বিষয়ে সচেতন হওয়ার আহ্বান জানান তাঁরা।