ছাত্রীদের নিরাপত্তায় বিদ্যালয়ের সামনের সড়কে সিসিটিভি বসাচ্ছে রসিক
রংপুরে ছাত্রীদের নিরাপত্তা ও যৌন হয়রানি রোধে নগরীর সকল বিদ্যালয়ের সামনের সড়ককে সিসিটিভির আওতায় আনার উদ্যোগ নিয়েছে রংপুর সিটি কর্পোরেশন (রসিক)। ইতোমধ্যে নগরীর শতকরা ৬০ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের সামনের সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে রংপুর আরডিআরএস হলরুমে ‘লিঙ্গ ভিত্তিক গতানুগতি ধারণা ও বৈষম্য দূরীকরণ’ শীর্ষক আলোচনা ও নেটওয়ার্কিং সভায় রসিকের প্রশাসক অ্যাডভোকেট মাহফুজ উন-নবী চৌধুরী ডন এ তথ্য জানান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভয়কে দূর করে নিজের উন্নয়নে নারীদেরই এগিয়ে আসতে হবে। সমাজের যেসব বাধা রয়েছে সেগুলোকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে তা মোকাবেলায় কাজ করতে হবে। জেন্ডার ইস্যুসহ সাইবার বুলিং প্রতিরোধে তরুণদের নিয়ে কাজ করার পরিকল্পনা করেছে সিটি করপোরেশন।
তিনি আরও বলেন, দ্রুতই নগরীর সবগুলো শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে সিসিটিভি স্থাপন করা হবে। এতে করে নারী শিক্ষার্থীরা নিরাপদে, নির্ভয়ে সড়কে চলাচল করতে পারবে। সেই সাথে কমবে অপরাধ প্রবণতা।
রুপান্তরের প্রতিষ্ঠাতা পরিচালক শাহরিয়ার রহমান নাফিজের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেদারল্যান্ড অ্যাম্বাসির কর্মকর্তা হ্যারি মরিল, সমাজসেবা বিভাগীয় কার্যালয়ের পরিচালক জিলুফা সুলতানা, অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত চন্দ্র রায়, প্লান ইন্টারন্যাশনাল কর্মকর্তা মাহিন রেজা চৌধুরী, ওয়ার্ল্ড ভিশনের কর্মকর্তা পল্লব কান্তি রায়সহ অন্যরা।


আপনার মতামত লিখুন