খুঁজুন
, ,

রংপুরে আম বয়ানের মধ্যদিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, রংপুর
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:১২ অপরাহ্ণ
রংপুরে আম বয়ানের মধ্যদিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

রংপুর নগরীর দর্শনায় তৌহিদ হাউজিং এলাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী রংপুর জেলা ইজতেমা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফজরের নামাজ পরবর্তি আম বয়ানের মধ্যদিয়ে এ ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। আগামী শনিবার (২৮ নভেম্বর) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা।

তিনদিনব্যাপী জেলা ইজতেমায় ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণ, দ্বীনি আলোচনা, ইসলামী বয়ান, নামাজ, জিকির ও আত্মশুদ্ধির নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে। এই আয়োজনের মধ্য দিয়ে মুসল্লিদের মাঝে ধর্মীয় শিক্ষা, অনুশাসন, নৈতিক শিক্ষা, ভ্রাতৃত্ববোধ, পারস্পরিক সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার প্রত্যাশা করা হচ্ছে। আর ইজতেমার শেষ দিন দেশ ও জাতির কল্যাণ, শান্তি, সমৃদ্ধি, মানবতার মুক্তি এবং মুসলিম উম্মাহর ঐক্য কামনায় আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে।

এর আগে বুধবার (২৫ নভেম্বর) সকাল থেকেই ইজতেমার মাঠে মুসল্লিরা আসতে শুরু করেন। সন্ধ্যার মধ্যেই তারা সবাই ইজতেমার মাঠে উপস্থিত হয়ে নিজ নিজ খিতমায় অবস্থান গ্রহণ করেন। দেশের বিভিন্ন জেলাসহ দেশ ও বিদেশ থেকে তাবলিগের মুরব্বিরা অংশ নিয়েছেন বলে জানা গেছে। তিন দিনব্যাপী এ আয়োজনে ধর্মীয় আলোচনা, বয়ান ও বিভিন্ন আমল করবেন মুসল্লিরা। আগামীকাল শুক্রবার ইজতেমা মাঠে বিশাল পরিসরে জুম্মার নামাজ আদায় করা হবে। সেখানে লক্ষাধিক মুসল্লি অংশ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইজতেমা আয়োজক সূত্রে জানা যায়, গত বছর রংপুরে বিভাগীয় ইজতেমা অনুষ্ঠিত হলেও এবারে জেলা ইজতেমার আয়োজন করা হয়েছে। সুষ্ঠুভাবে ইজতেমার কার্যক্রম চলছে বলে জানিয়েছেন আয়োজক।

এদিকে, ইজতেমার সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে আয়োজক কমিটি, স্বেচ্ছাসেবক টিম নিয়ে মতবিনিময় সভা করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ। মতবিনিময় সভা থেকে ধর্মীয় আলোচনা ও কার্যক্রমকে শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ধর্মীয় পরিবেশের মধ্যে সীমাবদ্ধ রাখার ওপর গুরুত্বারোপসহ ইজতেমায় আগত দেশি-বিদেশি মেহমানদের নিরাপত্তা, যাতায়াত ও সার্বিক সেবার বিষয়ে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা প্রদান করা হয়। ইজতেমা মাঠের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন ও সার্বক্ষণিক নজরদারি, বিদ্যুৎ সরবরাহের বিকল্প ব্যবস্থা হিসেবে জেনারেটর প্রস্তুত রাখা এবং প্রবেশপথে আগত মুসল্লিদের ব্যাগ ও মালামাল যথাযথভাবে তল্লাশির ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মুহাম্মদ মাহবুবুর রশীদ বলেন, ইজতেমার সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলের পারস্পরিক সহযোগিতা, দায়িত্বশীলতা এবং সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই রংপুর মেট্রোপলিটন পুলিশ আয়োজক কমিটির সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকলের আন্তরিক সহযোগিতায় শুরু হওয়া রংপুর জেলা ইজতেমা শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নভাবে সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

 

হরিপুর সীমান্তে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক জব্দ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:২৮ অপরাহ্ণ
হরিপুর সীমান্তে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদক জব্দ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ফেনসিডিলসহ ২৩২ বোতল মাদকদ্রব্য জব্দ করেছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

এর আগে, বুধবার (২৫ নভেম্বর) দিবাগত রাতে চাপসার বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে সেখানে তল্লাশি চালিয়ে ২৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও ২০৫ বোতল বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা মাদকদ্রব্যের মোট সিজার মূল্য ৭২ হাজার ৩০০ টাকা। এ ঘটনায় জব্দ করা মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি জড়িত চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি ও অনুসন্ধান অব্যাহত রেখেছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, মাদক চোরাচালানের বিরুদ্ধে বিজিবির অবস্থান অত্যন্ত কঠোর ও আপসহীন। সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ রোধে গোয়েন্দা নজরদারি, নিয়মিত টহল ও বিশেষ অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদক চোরাকারবারিদের কোনো অপতৎপরতাই বরদাশত করা হবে না। দেশের যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

হাসিনা ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় ছিল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ২:০৭ অপরাহ্ণ
হাসিনা ফেরার গুঞ্জন, সীমান্তে বিজিবির সঙ্গে রাতভর পাহারায় ছিল বিএনপি-জামায়াত নেতাকর্মীরা

শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনকে কেন্দ্র করে যশোরের বেনাপোল সীমান্তে বাড়তি সতর্কতা দেখা গেছে। সীমান্তের নিরাপত্তা জোরদারে রাতভর সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে রাতভর পাহারা দিয়েছেন জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা।মতামত কলাম পড়ুন

বুধবার (২৫ নভেম্বর) রাত থেকে জামায়াতের নেতাকর্মীরা বেনাপোল সীমান্তসংলগ্ন বিভিন্ন সড়কে মোটরসাইকেল র‌্যালি বের করেন। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে অবস্থান নেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় ‘আপা আপা করিস না, তোদের আপা আসবে না’ এবং ‘গোপালগঞ্জের গোপালী আর কতকাল জ্বালাবি’সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন তারা। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার কথা জানান দলীয় নেতাকর্মীরা।

এর আগে বেনাপোল স্থলবন্দর এলাকায় আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মশাল মিছিল করেন বেনাপোল পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের। তার নেতৃত্বে মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

 

এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে ৪৯ বিজিবি। রাতের অন্ধকারে সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর নজরদারি করা হচ্ছে। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে বিজিবির পক্ষ থেকে।

বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। দিন-রাত দায়িত্ব পালন করছেন বিজিবি সদস্যরা। একই সময়ে সীমান্তের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে অবস্থান নিয়েছেন বিএনপির নেতাকর্মীরাও।

নীলফামারীতে ৬৬ জন পেলেন ২ লাখ ২৯ হাজার টাকার অনুদান

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৮ অপরাহ্ণ
নীলফামারীতে ৬৬ জন পেলেন ২ লাখ ২৯ হাজার টাকার অনুদান

মেধাবী শিক্ষার্থীদের পড়াশোনা, দৃষ্টিপ্রতিবন্ধী ও অসহায় মানুষের চিকিৎসা এবং দরিদ্রদের বিভিন্ন প্রয়োজনে আর্থিক সহায়তা দিয়েছে নীলফামারী জেলা পরিষদ। এ উপলক্ষে ৬৬ জন উপকারভোগীর মাঝে মোট ২ লাখ ২৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে উপকারভোগীদের হাতে চেক তুলে দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মিজানুর রহমান চৌধুরী।

চেক বিতরণকালে তিনি বলেন, সমাজের মেধাবী শিক্ষার্থী, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই জেলা পরিষদের পক্ষ থেকে এ আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। এ সহযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা, অসহায় মানুষের চিকিৎসাসহ বিভিন্ন প্রয়োজনে কিছুটা হলেও সহায়তা করা সম্ভব হবে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার, সহকারী প্রকৌশলী মামুন উর রশিদসহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন কুমার সরকার জানান, ৬৬ জন উপকারভোগীর মধ্যে মোট ২ লাখ ২৯ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। এ ছাড়া শিক্ষার্থীদের মাঝে ফুটবলও বিতরণ করা হয়।