মকবুল হত্যা মামলায় তিন আসামি গ্রেপ্তার
নীলফামারীর জলঢাকায় জমি ও চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে মকবুল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় তিন আসামিকে নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে এসআরবি- ১৩ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা থেকে রাতে নরসিংদী জেলার মাধবদী এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জলঢাকা উপজেলার পূর্ব বালাগ্রাম আদর্শপাড়ার আবু সাঈদ (২৭), জাহাঙ্গীর আলম (৩০) ও তহিদুল ইসলাম (২৬)। তাঁরা ওই হত্যা মামলার এজাহারভুক্ত ৫, ৬ ও ৭ নম্বর আসামি।
এসআরবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্প ও এসআরবি-১১-এর নরসিংদী ক্যাম্পের একটি যৌথ দল অভিযান চালায়। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নরসিংদীর মাধবদী পৌরসভার সামনে থেকে জাহাঙ্গীর আলমকে গ্রেপ্তার করা হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মাধবদী থানার পাঁচদোনা মোড় এলাকা থেকে আবু সাঈদকে এবং রাতে মাধবদী নতুন বাসস্ট্যান্ড এলাকা থেকে তহিদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১২ সেপ্টেম্বর সকাল সাড়ে ৭টার দিকে চলাচলের রাস্তা নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হন মকবুল হোসেন (৫৬)। পরিবারের সদস্যরা তাঁকে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ সেপ্টেম্বর সকাল ১১টার দিকে তাঁর মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই মহির উদ্দিন বাদী হয়ে জলঢাকা থানায় হত্যা মামলা করেন।
এসআরবি আরও জানায়, এ মামলার চার নম্বর আসামি আনারুল ইসলামকে (৫০) গত ২৯ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয়েছিল। সর্বশেষ তিনজনকে গ্রেপ্তারের পর তাঁদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন