আজ রংপুরে আসছেন প্রধানমন্ত্রী
হিন্দু সম্প্রদায়ের দুর্গোৎসব দেখতে আজ রংপুরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার আগমনকে ঘিরে দলীয় নেতাকর্মীসহ হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। গোটা নগরীতে চলছে সাজ সাজ রব। ইতিমধ্যে গোটা নগরীকে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে। নতুন সাজে সজ্জিত করা হয়েছে মন্দির ও পূজা মন্ডপগুলো। ব্যানার-ফেস্টুনে গোটা নগরীকে রঙিন সাজে সজ্জিত করা হয়েছে।
সফর সূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে আসবেন। এরপর সড়কপথে বেলা ১১টার দিকে ধর্মসভা (রাধা গোবিন্দ মন্দির) পরিদর্শন করবেন। সেখানে তিনি সনাতনী সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দর হয়ে রাজশাহী যাত্রা করবেন।
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির নেতাকর্মী ও হিন্দু সম্প্রদায়ের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে নগরীর প্রেসক্লাবের সামনে রংপুর ধর্মসভা ও পায়রা চত্ত্বরস্থ কালীবাড়ি মন্দির ভিন্ন সাজে সজ্জিত করা হয়েছে। এ দু’টি মন্দির ও তার আশে-পাশে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে।
ভাওয়াইয়া সুরখ্যাত বাহের দেশ রংপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে গানে গানে বরণ এবং সম্প্রীতির ঐতিহ্য তুলে ধরতে প্রস্তুতি নিয়েছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) মহানগর ও জেলার শিল্পীরা। প্রস্তুতি নিয়েছে সাংস্কৃতিক ঐক্য পরিষদও।
এ ছাড়া রংপুর মহানগর ও জেলা বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, কৃষক দল, তাঁতী দল, মৎস্যজীবী দল, ওলামা দল, জিয়া সংসদসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা প্রধানমন্ত্রীর সফর সফল করতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন।
রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও রংপুর সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে এখানকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে। দলীয়ভাবে ব্যাপক প্রস্ততি নেওয়া হচ্ছে। দেশের মধ্যে এটি একটি বিরল ঘটনা ঘটতে যাচ্ছে যে, প্রধানমন্ত্রী রাজধানীর বাইরে শারদীয় উৎসব দেখতে প্রত্যন্ত অঞ্চলে আসছেন।


আপনার মতামত লিখুন