জমি নিয়ে বিরোধে হত্যা, মামলার আসামি রাউফন গ্রেপ্তার
লালমনিরহাটে জমি নিয়ে বিরোধের জেরে জোনাব আলীকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলার এজাহারভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৩)।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে রংপুরের তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাউফন মিয়া (২২) লালমনিরহাট সদর থানার রামদাস ধোপাপাড়ার বাসিন্দা মো. জামাল হোসেনের ছেলে। তিনি এ হত্যা মামলার ২ নম্বর এজাহারনামীয় আসামি।
এসআরবি-১৩-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে জোনাব আলীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলে আসছিল। বিষয়টি স্থানীয়ভাবে কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো সমাধান হয়নি।
গত ৬ নভেম্বর সকাল ১০টার দিকে জোনাব আলীর ভাই আব্দুল খালেক নিজের জমিতে কাজ করার সময় অভিযুক্তরা তাকে গালিগালাজ শুরু করেন। খালেক এর প্রতিবাদ করলে দেশীয় অস্ত্র দিয়ে তাকে মারধর করা হয়। তার চিৎকার শুনে জোনাব আলী ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করে গুরুতর আহত করা হয়। পরে তাদের আরেক ভাই ফুলমিয়া ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়।
একপর্যায়ে স্থানীয়রা আহত তিন ভাইকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে যান। জোনাব আলীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ নভেম্বর বেলা ১১টা ৫১ মিনিটে তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে লালমনিরহাট সদর থানায় একটি হত্যা মামলা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার গুরুত্ব বিবেচনায় আসামিদের গ্রেপ্তারে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি এসআরবি-১৩ ছায়া তদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, এসআরবি-১৩ রংপুরের একটি দল অভিযান চালিয়ে রাউফন মিয়াকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

আপনার মতামত লিখুন