নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে বালু ভর্তি ট্রাক, প্রান গেল ঘুমন্ত শিশুর
রংপুর নগরীর পশ্চিম খাসবাগ এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বসত ঘরে ঢুকে যায় একটি ডাম্প ট্রাক,এসময় গুরুতর আহত হন ওই ঘরে ঘুমন্ত অবস্থায় থাকা শিশু সিনথিয়া ও তার অন্তঃসত্ত্বা মা । স্বজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে ভর্তি করান রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিনথিয়ার মৃত্যু হয়। তার বয়স ৮ বছর।
পুলিশ জানায়, শুক্রবার মধ্যরাতে নগরীর খাসবাগ এলাকা থেকে বালুভর্তি একটি ট্রাক সাতমাথার দিকে যাচ্ছিল। চারমাথা এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি একটি বাড়ির ভিতরে ঢুকে যায়। এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু সিনথিয়া মারা যায়। তার মা আশা বেগম বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম জানান, এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ। পাশাপাশি ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন