ঠাকুরগাঁওয়ে বৃদ্ধা হত্যার প্রধান আসামি ময়মনসিংহ থেকে গ্রেপ্তার
ঠাকুরগাঁওয়ে পানির পাম্প চুরিতে বাধা দেওয়ায় ৭৫ বছর বয়সী এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মানিককে (২০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। ঘটনার প্রায় দেড় মাস পর ময়মনসিংহের নান্দাইল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শুক্রবার (১৩ নভেম্বর) এসআরবির মিডিয়া শাখার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানার চাপাতি গ্রামে এ হত্যাকাণ্ড ঘটে। ওই দিন সন্ধ্যায় বাড়ির লোকজন স্থানীয় বৈরাগী বাজারে যান। রাত আনুমানিক ১২টার দিকে বাড়ি ফিরে তারা টিউবওয়েলের পাশে বিন্দুমতি রানীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তার মাথার পেছনে রক্তাক্ত জখম দেখতে পান এবং পরীক্ষা করে তাকে মৃত বলে বুঝতে পারেন। এ সময় বাড়িতে থাকা তিনটি পানি তোলার পাম্পও চুরি হয়েছে বলে দেখতে পান তারা।
এ ঘটনায় নিহতের ছেলে মিনত সরকার বাদী হয়ে ৩০ সেপ্টেম্বর রুহিয়া থানায় মামলা করেন। মামলার নম্বর ৯।
এসআরবি জানায়, মামলার পর থেকেই আসামি গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এরই ধারাবাহিকতায় গত ১২ নভেম্বর রাত ১০টা ৫ মিনিটে এসআরবি-১৩ দিনাজপুরের সিপিসি-১ এবং এসআরবি-১৪ ময়মনসিংহ ক্যাম্পের সিপিএসসির একটি যৌথ দল নান্দাইল থানার বাকচর মোড় এলাকায় অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার মানিক চাপাতি গ্রামের বধুসরেনের ছেলে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
এসআরবি আরও জানায়, হত্যা, অপহরণ, ধর্ষণসহ গুরুতর অপরাধ দমনে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন