নীলফামারীর কিশোরগঞ্জে
জাপা নেতার বিরুদ্ধে জমি দখল ও ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ
নীলফামারীর কিশোরগঞ্জে জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলামের বিরুদ্ধে ২৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করা এবং ২০ লাখ টাকায় বিক্রি করা ৯ শতক জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া।
সোমবার (৯ নভেম্বর) দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে রিপন মিয়া বলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে রশিদুল ইসলামের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে তাকে ২৪ লাখ টাকা ধার দেন তিনি। এ ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সময় মাগুড়া চেকপোস্ট এলাকায় অবস্থিত ৯ শতক জমি রশিদুল ইসলামের কাছ থেকে ২০ লাখ টাকায় ক্রয় করেন। জমির সম্পূর্ণ মূল্য পরিশোধের পর যথারীতি দলিল রেজিস্ট্রি সম্পন্ন হলেও পরবর্তীতে ওই জমি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরও জানান, পাওনা টাকা ফেরত চাইলে রশিদুল ইসলাম নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ২৪ লাখ টাকা পরিশোধ না করার পাশাপাশি ক্রয় করা জমির দখল বুঝিয়ে দিতেও অস্বীকৃতি জানান। এ ছাড়া বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন রিপন মিয়া।
এ বিষয়ে অভিযুক্ত নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে বিরোধের সমাধান হবে।


আপনার মতামত লিখুন