খুঁজুন
, ,

রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ
রংপুরে ১ হাজার ৭৩০ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রংপুর মহানগরীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আফসানা আক্তার মরিয়ম ওরফে আঁখি (২০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) তাজহাট থানা পুলিশ।

শনিবার (৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে নগরীর ২৮ নম্বর ওয়ার্ডের লালবাগ চৌকিহাটি রেললাইন সংলগ্ন আব্দুর রহমানের বাড়ির পেছনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আফসানা আক্তার মরিয়ম ওরফে আঁখি নগরীর কোতোয়ালী থানার লালবাগ বালাপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. আব্দুল কাইয়ুম এবং মায়ের নাম মোছা. ফেরদৌসী বেগম।

পুলিশ জানায়, অভিযানের সময় তার দখল থেকে ১ হাজার ৭৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ১৭৩ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৫ হাজার ৫০০ টাকা। এ সময় মাদক বহন ও যোগাযোগের কাজে ব্যবহৃত একটি Samsung Galaxy S23 Ultra এবং একটি Symphony Innova 30 মডেলের মোবাইল ফোন জব্দ করা হয়।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা-এর সার্বিক দিকনির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।

এ ঘটনায় গ্রেপ্তার নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় তাজহাট থানায় নিয়মিত মামলা করা হয়েছে। বর্তমানে তাকে থানা হাজতে রাখা হয়েছে এবং আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের মিডিয়া শাখা জানায়, অপরাধ প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মাদকবিরোধী অভিযানসহ বিভিন্ন কার্যক্রম অব্যাহত রয়েছে।

নীলফামারীর কিশোরগঞ্জে

জাপা নেতার বিরুদ্ধে জমি দখল ও ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
জাপা নেতার বিরুদ্ধে জমি দখল ও ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

নীলফামারীর কিশোরগঞ্জে জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলামের বিরুদ্ধে ২৪ লাখ টাকা ধার নিয়ে পরিশোধ না করা এবং ২০ লাখ টাকায় বিক্রি করা ৯ শতক জমি জবরদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী রিপন মিয়া।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।

সংবাদ সম্মেলনে রিপন মিয়া বলেন, কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান থাকাকালে রশিদুল ইসলামের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরে বিভিন্ন সময়ে তাকে ২৪ লাখ টাকা ধার দেন তিনি। এ ছাড়া ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সময় মাগুড়া চেকপোস্ট এলাকায় অবস্থিত ৯ শতক জমি রশিদুল ইসলামের কাছ থেকে ২০ লাখ টাকায় ক্রয় করেন। জমির সম্পূর্ণ মূল্য পরিশোধের পর যথারীতি দলিল রেজিস্ট্রি সম্পন্ন হলেও পরবর্তীতে ওই জমি জবরদখল করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি আরও জানান, পাওনা টাকা ফেরত চাইলে রশিদুল ইসলাম নানা অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। একপর্যায়ে ২৪ লাখ টাকা পরিশোধ না করার পাশাপাশি ক্রয় করা জমির দখল বুঝিয়ে দিতেও অস্বীকৃতি জানান। এ ছাড়া বিষয়টি ভিন্ন খাতে প্রবাহিত করতে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো হচ্ছে বলেও দাবি করেন রিপন মিয়া।

এ বিষয়ে অভিযুক্ত নীলফামারী জেলা জাতীয় পার্টির সভাপতি রশিদুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আইনি প্রক্রিয়ায় তার সঙ্গে বিরোধের সমাধান হবে।

জলঢাকায় ট্রাক-অটোচার্জার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, আহত ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৮ নভেম্বর, ২০২৬, ৭:১২ অপরাহ্ণ
জলঢাকায় ট্রাক-অটোচার্জার সংঘর্ষে প্রাণ গেল যাত্রীর, আহত ২

নীলফামারীর জলঢাকায় ট্রাকের সঙ্গে অটোচার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নলিত চন্দ্র রায় (৫৫) নামে এক যাত্রীর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় ভ্যানচালকসহ আরও দুজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেছেন।

রোববার (৮ নভেম্বর) দুপুরের দিকে উপজেলার গোলনা ইউনিয়নের খারিজা গোলনা এলাকার দিঘীরপাড়ে জলঢাকা-ডিমলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নলিত চন্দ্র রায় ওই ইউনিয়নের ঝাউপাড়া এলাকার মৃত মটুরু চন্দ্র রায়ের ছেলে। আহতরা হলেন খারিজা গোলনা পূর্বপাড়া এলাকার অটোচার্জার ভ্যানচালক চান মিয়া (৪৫) ও মো. আজগার আলী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে নবাবগঞ্জ বাজার থেকে যাত্রী নিয়ে জলঢাকার দিকে যাচ্ছিল অটোচার্জার ভ্যানটি। পথে দিঘীরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের তিন যাত্রী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। তবে রংপুরে নেওয়ার পথে নলিত চন্দ্র রায়ের মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর ট্রাকের চালক ও সহকারী পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় ট্রাকটি জব্দ করে হেফাজতে নেয় পুলিশ।

জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল আলম বলেন, সড়ক দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাকচালক ও তার সহকারী পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

পঞ্চগড়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর গ্রেপ্তার জামালপুরে

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ৫:৫১ অপরাহ্ণ
পঞ্চগড়ে যৌতুকের দাবিতে গৃহবধূকে হত্যার অভিযোগ, শ্বশুর গ্রেপ্তার জামালপুরে

পঞ্চগড়ের দেবীগঞ্জে যৌতুকের দাবিতে এক গৃহবধূকে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারভুক্ত আসামি তাঁর শ্বশুর মো. দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে জামালপুরের ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (৭ নভেম্বর) এসআরবির অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার দেলোয়ার হোসেন পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার খণ্ডপাড়া খারিজা ভাজনী গ্রামের মৃত আয়নাল হকের ছেলে। তিনি ওই গৃহবধূর শ্বশুর এবং হত্যা মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামি।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সাত-আট মাস আগে দেলোয়ার হোসেনের ছেলে শাহিনুর ইসলামের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুরবাড়ির লোকজন যৌতুকের জন্য তাঁকে চাপ দিতে থাকেন। একপর্যায়ে বাবার বাড়ি থেকে পাঁচ লাখ টাকা দাবি করা হলে গৃহবধূর পরিবার তিন লাখ ২০ হাজার টাকা দেয়। বাকি টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়।

এজাহারে আরও অভিযোগ করা হয়, গত ১০ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে যৌতুকের বাকি টাকা না দেওয়াকে কেন্দ্র করে গৃহবধূকে মারধর করেন তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। পরে প্লাস্টিকের রশি পেঁচিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় হত্যা মামলা করেন।

এসআরবি জানায়, মামলার পর থেকে আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪, সিপিসি-১, জামালপুর ও এসআরবি-১৩, সিপিসি-২, নীলফামারীর একটি যৌথ দল শুক্রবার দুপুর সাড়ে ১টার দিকে ইসলামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের পর দেলোয়ার হোসেনকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।