খুঁজুন
, ,

পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কলি রানী

ডেস্ক নিউজ
প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ৮:৩৮ পূর্বাহ্ণ
পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ কলি রানী

শারীরিক সীমাবদ্ধতা, অদম্য ইচ্ছাশক্তি আর দৃঢ় মনোবলের কাছে হার মানতে বাধ্য, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রংপুরের কাউনিয়ার অকুতোভয় তরুণী কলি রানী। জন্ম থেকেই দুই হাতের আঙুল নেই, কলম ধরার সাধ্য নেই। কিন্তু মনের ভেতরের যে আলো, তাকে নিভতে দেয়নি সে। ডান পা দিয়ে লিখেই চলতি বছরের এইচএসসি পরীক্ষায় মানবিক বিভাগ থেকে জিপিএ ৩.৫০ পেয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়েছেন কাউনিয়া কলেজের এই শিক্ষার্থী।

উপজেলার গদাই গ্রামের প্রয়াত মনোরঞ্জন রায়ের মেয়ে কলি রানী। তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট। তৃতীয় শ্রেণিতে পড়ার সময়ই বাবাকে হারান তিনি। এরপর থেকে মা রূপালী রানীর পরম মমতা আর সাহসেই পথ চলা তার।

মা রূপালী রানী জানান, জন্মগত প্রতিবন্ধকতা থাকলেও কলি কখনো দমে যাননি। পারিবারিক সহযোগিতা, সহপাঠীদের আন্তরিকতা ও শিক্ষকদের অনুপ্রেরণাকে সঙ্গী করে নিজের চেষ্টায় আজ এতদূর এসেছেন তিনি।

পড়াশোনার পাশাপাশি কলির রয়েছে বহুমুখী প্রতিভা। ডান পা দিয়েই সে অনায়াসে মোবাইল ও কম্পিউটার পরিচালনা করতে পারেন। শুধু তাই নয়, গানের জগতেও রয়েছে তার দারুণ দখল। বিভিন্ন অনুষ্ঠানে গান গেয়ে ইতোমধ্যে তিনি কুড়িয়েছেন একাধিক পুরস্কার ও প্রশংসা।

কাউনিয়া মহিলা কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব রফিকুল ইসলাম জানান, বোর্ডের নিয়ম অনুযায়ী শারীরিক প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য আলাদা কক্ষের ব্যবস্থা থাকলেও, কলি রানী সবার সঙ্গে বসেই পরীক্ষা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। সে অনুযায়ী ৩০২ নম্বর কক্ষে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গেই পরীক্ষা দেন তিনি। নিয়মমাফিক তাকে অতিরিক্ত ৩০ মিনিট সময় দেওয়া হয়েছিল এবং অত্যন্ত স্বাচ্ছন্দ্যের সঙ্গেই তিনি প্রতিটি পরীক্ষা সম্পন্ন করে আজ সফলভাবে উত্তীর্ণ হয়েছেন।

কাউনিয়া কলেজের অধ্যক্ষ ফারুক আজম বলেন, কলি রানী পা দিয়ে লিখেই জিপিএ-৩.৫০ পেয়েছে। আমরা তার এ ফলাফলে খুবই খুশি।

পা দিয়ে লিখে এর আগেও তিনি প্রাথমিক সমাপনী (পিইসি) ও এসএসসি পরীক্ষায় সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হওয়া কলি রানীর স্বপ্ন এখন আকাশছোঁয়া।

নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কলি জানান, তিনি উচ্চশিক্ষা শেষ করে একজন বিসিএস ক্যাডার হতে চান এবং দেশ ও মানুষের সেবা করতে চান। তিনি প্রমাণ করতে চান- শারীরিক প্রতিবন্ধকতা কখনো স্বপ্ন পূরণের পথে প্রাচীর হতে পারে না।

উচ্চশিক্ষা ও স্বপ্নের ক্যাম্পাসে পড়াশোনার জন্য কলি রানী ও তার পরিবার সবার আশীর্বাদ ও বিত্তবানদের আর্থিক সহযোগিতা কামনা করেছেন।

রংপুরে পাঁচ স্থানে ট্রাফিক পুলিশের অভিযান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬, ৯:০১ অপরাহ্ণ
রংপুরে পাঁচ স্থানে ট্রাফিক পুলিশের অভিযান, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা

রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের অভিযানে অবৈধ পার্কিং ও নিবন্ধনহীন যানবাহন আটক।

রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার জনাব মু: মাহবুবুর রশীদ, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় রংপুর মেট্রোপলিটন পুলিশের প্রতিটি ইউনিট মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিল, অপরাধ দমন ও প্রতিরোধ, আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা, চুরি-ছিনতাই প্রতিরোধ, সন্ত্রাস ও কিশোর অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব মারুফ আহমেদ-এর উদ্যোগে অদ্য ২৯ অক্টোবর ২০২৬ খ্রি. রংপুর সুপার মার্কেট, মেডিকেল মোড়, বাংলাদেশ ব্যাংক মোড়, শাপলা মোড় ও পরশুরাম থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় অবৈধ পার্কিং ও নিবন্ধনহীন যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

নগরীর ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং সড়কে চলাচলকারী যানবাহনের বৈধতা নিশ্চিত করতে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কতৃপক্ষ।

প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করা হলে ছেড়ে দেওয়া হবে না

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:২৬ অপরাহ্ণ
তিস্তা মহাপরিকল্পনা নিয়ে ষড়যন্ত্রের চেষ্টা করা হলে ছেড়ে দেওয়া হবে না

তিস্তা মহাপরিকল্পনা নিয়ে দেশে-বিদেশে বিভিন্ন ধরনের কথা হচ্ছে। এ প্রকল্পকে ঘিরে কোনো অপশক্তি ষড়যন্ত্রের চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেছেন, ষড়যন্ত্রে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে। একই সঙ্গে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রী এসে বহুল প্রতীক্ষিত তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে তিস্তা ব্যারেজ এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

ফরহাদ হোসেন আজাদ বলেন, তিস্তাকে নিয়ে আজ দেশে-বিদেশে নানা কথা হচ্ছে। এ পরিস্থিতিতে কোনো অপশক্তি যদি আমাদের কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত হয়ে তিস্তাকে ঘিরে আরও সুদূরপ্রসারী ষড়যন্ত্রের চেষ্টা করে, তাহলে তাদের ছাড় দেওয়া হবে না। তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের অগ্রগতি তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পের সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) প্রতিবেদন তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইতোমধ্যে সম্মতি জানিয়ে সংশ্লিষ্ট নথিতে স্বাক্ষর করেছেন। অর্থমন্ত্রী দেশে ফেরার পর আগামী সপ্তাহে স্বাক্ষর করলে পরবর্তী প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

তিনি আরও বলেন, সম্ভাব্যতা যাচাইয়ের প্রতিবেদন চূড়ান্ত হওয়ার পর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) তৈরির জন্য বিদেশি বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। এ প্রক্রিয়ায় প্রায় ৯ থেকে ১০ মাস সময় লাগতে পারে। এরপর শুরু হবে দরপত্র প্রক্রিয়া। এসব ধাপ সম্পন্ন করে ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীকে দিয়ে তিস্তা মহাপরিকল্পনার আনুষ্ঠানিক উদ্বোধন করার পরিকল্পনা রয়েছে।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় প্রতিনিধিরা।

কিশোরগঞ্জে মাদকবিরোধী সভায় ৩৫০ শিক্ষার্থীর মাদককে না বলার শপথ

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৩:২৪ অপরাহ্ণ
কিশোরগঞ্জে মাদকবিরোধী সভায় ৩৫০ শিক্ষার্থীর মাদককে না বলার শপথ

‘যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না, এমন শপথে মাদককে না বলেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের প্রায় ৩৫০ শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে শিক্ষাপ্রতিষ্ঠানটির হলরুমে আয়োজিত মাদকবিরোধী আলোচনা সভায় তারা মাদকমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার করে।

রণচন্ডী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুকুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান। সহকারী অধ্যাপক বিশ্বনাথ রায়ের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর।

এতে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাকির হোসেন, প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক আমার দেশ-এর উপজেলা প্রতিনিধি আবু হাসান শেখ, রণচন্ডী ইউনিয়ন বিএনপির সভাপতি বেলায়েত হোসেন বাদশা, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাদ্দাম হোসেন এবং সহকারী অধ্যাপক লোকমান আলী। স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আশরাফ উজ জামান সরকার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আরিফুর রহমান বলেন, ‘আসুন আমরা শপথ নিই, যে মুখে ডাকি মা, সে মুখে মাদক না।’ এ সময় উপস্থিত শিক্ষার্থীরা হাত তুলে তাঁর সঙ্গে মাদকবিরোধী শপথ নেয়।

এর আগে মাদকমুক্ত কিশোরগঞ্জ গঠনে শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে তাদের কাছ থেকে বিভিন্ন ধারণা ও উদ্যোগের কথা শোনেন প্রধান অতিথি। সভায় বক্তারা মাদকের ভয়াবহতা তুলে ধরে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকা এবং পরিবার ও সমাজে মাদকবিরোধী সচেতনতা তৈরির আহ্বান জানান।