খুঁজুন
, ,

দুর্গাপূজায় নিরাপত্তায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:০৮ অপরাহ্ণ
দুর্গাপূজায় নিরাপত্তায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়াচ্ছে এসআরবি

0-0x0-0-0#

শারদীয় দুর্গাপূজা ঘিরে নীলফামারীতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি সাদা পোশাকে সদস্য মোতায়েনের উদ্যোগ নেওয়া হয়েছে। গুজব ও অপপ্রচার ঠেকাতে সাইবার মনিটরিংয়ের পাশাপাশি প্রতিমা বিসর্জনের দিনও বিশেষ নিরাপত্তাব্যবস্থা থাকবে।

শনিবার (১৭ অক্টোবর) সকালে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরে এসআরবি-১৩-এর নীলফামারী ক্যাম্পের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে লিখিত বক্তব্য দেন এসআরবি-১৩-এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ও সহকারী পুলিশ সুপার মো. আবু রোহানী পারভেজ রনী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবে এসআরবি-১৩। পূজামণ্ডপকেন্দ্রিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নাশকতা ও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল জোরদার, গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকে সদস্য মোতায়েন করা হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও অপপ্রচার ছড়িয়ে যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে, সে বিষয়েও নজরদারি রাখা হবে। প্রতিমা বিসর্জনের দিন বিশেষ নিরাপত্তাব্যবস্থা গ্রহণের কথাও জানানো হয়েছে।

লিখিত বক্তব্যে দুর্গাপূজাকে ধর্মীয় উৎসবের পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যের প্রতীক হিসেবে উল্লেখ করা হয়। উৎসবের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়েছে।

এ ছাড়া দুর্গাপূজাকে কেন্দ্র করে নাশকতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়েছে এসআরবি-১৩।

ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৭:৪৫ পূর্বাহ্ণ
ডিমলায় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ৫১ বিজিবির অধিনায়ক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নীলফামারীর ডিমলা উপজেলার সীমান্তবর্তী এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যার পর উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের কালীবাড়ি কেন্দ্রীয় মন্দির, বড় হরিসভা পাড়া, ঝুমঝুম পাড়াসহ কয়েকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় মণ্ডপগুলোর নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণের পাশাপাশি পূজার সার্বিক পরিবেশ ও আইনশৃঙ্খলা পরিস্থিতির খোঁজখবর নেন।

সীমান্তবর্তী এলাকায় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপন নিশ্চিত করতে বিজিবির পক্ষ থেকে এ নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। পূজামণ্ডপে আগত ভক্ত-দর্শনার্থীদের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার বিষয়গুলোকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

বিজিবি সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার সীমান্ত থেকে আট কিলোমিটারের মধ্যে অবস্থিত ১১টি পূজামণ্ডপ রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি)-এর থানারহাট কোম্পানির দায়িত্বপূর্ণ এলাকার অন্তর্ভুক্ত। এসব পূজামণ্ডপের নিরাপত্তায় চার প্লাটুনে মোট ১২০ জন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। পূজামণ্ডপ পরিদর্শন, নিয়মিত নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমানের নেতৃত্বে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে থানারহাট বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব পালন করছেন। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের দায়িত্বে রয়েছেন এসআইপি সিপাহি শিব্বির আহম্মদ।

লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, “শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তবর্তী এলাকার পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে ৫১ বিজিবি সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছে। পূজামণ্ডপগুলোর সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে সবাই শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারেন। সীমান্ত এলাকায় নিরাপত্তা বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা দায়িত্বে নিয়োজিত রয়েছেন। ধর্মীয় সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করছি।”

গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজার সর্বজনীন দুর্গাপূজা মণ্ডপের সভাপতি শ্রী কনাই লাল কর্মকার বলেন, “দুর্গাপূজা উপলক্ষে বিজিবি সদস্যদের তৎপরতা ও পূজামণ্ডপ পরিদর্শন আমাদের মধ্যে নিরাপত্তার বিষয়ে আস্থা বাড়িয়েছে। আমরা চাই, সব ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদ্‌যাপন করুক। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় বাসিন্দাদেরও সহযোগিতা প্রয়োজন।”

সীমান্তবর্তী এলাকায় পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এ তৎপরতাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় বাসিন্দাদের পারস্পরিক সহযোগিতায় ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।

 

আদিতমারীতে মাটির নিচে ড্রামে মিলল ২৩০ বোতল মাদক, গ্রেপ্তার ২

জেলা প্রতিনিধি, লালমনিরহাট
প্রকাশিত: শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১০:৩২ পূর্বাহ্ণ
আদিতমারীতে মাটির নিচে ড্রামে মিলল ২৩০ বোতল মাদক, গ্রেপ্তার ২

লালমনিরহাটের আদিতমারীতে রান্নাঘরের মাটির নিচে ড্রামের ভিতর বিশেষ কায়দায় সংরক্ষিত ৩১ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ ও ১৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৩। এ ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার পলাশী ইউনিয়নের দক্ষিণ তালুকপলাশী বাওয়ারচারা গ্রামে অভিযান চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে হাবিবুর রহমান (২৫) এবং রংপুরের গঙ্গাচড়া উপজেলার চরইশরকোল গ্রামের শফিকুল ইসলামের ছেলে জীমবাবু (১৮)।

এসআরবি-১৩-এর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে হাবিবুর রহমানের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় বাড়ির দক্ষিণ দিকের রান্নাঘরের মাটির নিচে ড্রামে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩১ বোতল এস্কাফ সিরাপ ও ১৯৯ বোতল উইনসেরেক্স সিরাপ উদ্ধার করা হয়। এ ছাড়া জীমবাবুর পরনের প্যান্টের পকেট থেকে ১৮৫টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে হাবিবুর রহমান ও জীমবাবুকে গ্রেপ্তার করা হয়। উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করে তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে এসআরবি। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার ব্যক্তিদের ও জব্দ করা মাদকদ্রব্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৩ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

দুর্গাপূজায় নিরাপত্তায় ৫৬ বিজিবির বিশেষ ব্যবস্থা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৮:৪১ অপরাহ্ণ
দুর্গাপূজায় নিরাপত্তায় ৫৬ বিজিবির বিশেষ ব্যবস্থা

আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে নীলফামারী কেন্দ্রীয় কালীমন্দিরের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন ৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

বিজিবি জানায়, ১৬ থেকে ২২ অক্টোবর পর্যন্ত পূজামণ্ডপের নিরাপত্তায় সার্বক্ষণিক টহল পরিচালনা করা হবে। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারির পাশাপাশি দ্রুত পরিস্থিতি মোকাবিলায় বিশেষ বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

৫৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ বলেন, দুর্গাপূজায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে সীমান্তের আট কিলোমিটারের মধ্যে এবং সদর দপ্তরের আশপাশের পূজামণ্ডপগুলোতে নিবিড়ভাবে দায়িত্ব পালন করা হবে।

তিনি আরও বলেন, পূজার দিনগুলোতে ২৪ ঘণ্টা টহল দল মাঠে থাকবে। পাশাপাশি সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু করা হয়েছে।