Tuesday , 21 April 2026 |
  1. অর্থনীতি
  2. আন্তর্জাতিক
  3. ইসলাম
  4. কৃষি ও পরিবেশ
  5. কৃষি সংবাদ
  6. ক্যাম্পাস
  7. খেলার মাঠ
  8. চাকরি
  9. জাতীয়
  10. ট্যুরিজম
  11. তথ্য-প্রযুক্তি
  12. নারী ও শিশু
  13. বিনোদন
  14. মতামত
  15. রংপুর

প্রথম ডোজের ২৮ দিন পূর্ণ না হলে হামের টিকা নয় : ইপিআই

প্রথম ডোজ নেওয়ার পর চার সপ্তাহ বা ২৮ দিন পূর্ণ না হলে শিশুদের হামের টিকা না দেওয়ার নির্দেশনা দিয়েছে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি (ইপিআই)।

রুটিন অনুযায়ী হাম থেকে রক্ষা পাওয়ার জন্য দেশে শিশুদের ৯ মাস বয়সে এমআর-১ এবং ১৫ মাস বয়সে এমআর-২ টিকা দেওয়া হয়, যা এখনো চলমান। তবে কোনো শিশু টিকা নেওয়ার পর ২৮ দিন অতিবাহিত না হলে তাকে পুনরায় টিকা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন ইপিআই’র সহকারী পরিচালক ডা. হাসানুল মাহমুদ।

তিনি জানান, যদি কোনো শিশু সম্প্রতি এমআর-১ বা এমআর-২ টিকা গ্রহণ করে, তাহলে ২৮ দিন পূর্ণ হওয়ার আগে চলমান বিশেষ টিকাদান কর্মসূচির আওতায় তাকে টিকা দেওয়া সম্ভব নয়। নির্ধারিত সময় পূর্ণ হলে এবং কর্মসূচি চলমান থাকলে তখন ওই শিশু টিকা নিতে পারবে।

এ বিষয়ে জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, স্বাভাবিকভাবেই হামের জন্য শিশুদের ৯ ও ১৫ মাসে দুই ডোজ টিকা দেওয়া হয়। কিন্তু এবার হামে আমরা ভিন্ন চিত্র দেখতে পাই। টিকা নেওয়ার বয়স হওয়ার আগেই শিশুরা হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এর অন্যতম কারণ তার রোগ প্রতিরোধ ক্ষমতা হ্রাস পাওয়া। পরিস্থিতি বিবেচনা করে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শেই ৯ মাসের পরিবর্তে ৬ মাস হলেই শিশুদের এ বিশেষ টিকাদান কর্মসূচিতে নিয়ে আসা হয়েছে। ৯ মাসের পরিবর্তে ৬ মাসে টিকা দিতে তেমন কোনো ক্ষতি নেই।

দেশে হামের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার গত ৫ এপ্রিল থেকে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করেছে। আজ থেকে শুরু হয়েছে দেশের সব জেলা-উপজেলায় টিকা কার্যক্রম।

প্রথম ধাপে ১৮ জেলার ৩০টি উপজেলা ও ৪টি সিটি কর্পোরেশনসহ বিভিন্ন এলাকায় প্রায় ১ কোটি ৮০ লাখ শিশুকে টিকার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কর্মসূচির প্রথম ধাপ ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এবং দ্বিতীয় ধাপ ১২ এপ্রিল শুরু হয়ে ১২ মে পর্যন্ত চলবে।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, যেসব শিশু জ্বরে আক্রান্ত বা অসুস্থ রয়েছে, তাদের সুস্থ না হওয়া পর্যন্ত টিকা না দেওয়াই ভালো। সম্পূর্ণ সুস্থ হওয়ার পর চিকিৎসকের পরামর্শ নিয়ে টিকা দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘দেশে হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এটি একটি মারাত্মক সংক্রামক রোগ হিসেবে দেখা দিচ্ছে এবং শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে। আমি শিশুদের সুরক্ষায় অভিভাবক, শিক্ষক, স্বাস্থ্যকর্মী, ধর্মীয় নেতা ও স্থানীয় প্রশাসনের সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানাচ্ছি। একই সঙ্গে বিনামূল্যের এই টিকাদান কর্মসূচিতে সব শিশুর অংশগ্রহণ নিশ্চিত করার জন্য আপনাদের সবার সহযোগিতা চাইছি।’

 

সর্বশেষ - সারাদেশ