ডিমলায় ১৬০ কেজি পচা চিংড়ি জব্দ, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা
নীলফামারীর ডিমলায় ঢাকা থেকে নাইট কোচে করে আনা ১৬০ কেজি পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে মাছগুলো জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ বিবেচনায় বিনষ্ট করে মাটিতে পুতে ফেলার নির্দেশ দেওয়া হয়। একই অভিযানে ফুটপাত দখল এবং অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গয়াবাড়ি ইউনিয়নের শুটিবাড়ি বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইমরানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এতে ডিমলা থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-শুটিবাড়ি রুটের একটি নাইট কোচে করে ২০টি প্লাস্টিকের ক্যারেটে এসব চিংড়ি মাছ বাজারে আনা হয়। মাছগুলো থেকে পচা দুর্গন্ধ ছড়ালে স্থানীয় লোকজন সেগুলো আটকে উপজেলা প্রশাসনকে খবর দেন। পরে ইউএনও ঘটনাস্থলে গিয়ে মাছগুলো পরিদর্শন করেন। খাওয়ার অনুপযোগী হওয়ায় গয়াবাড়ি ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি মো. ইসমাইল হোসেনসহ সংশ্লিষ্টদের উপস্থিতিতে মাছগুলো বিনষ্ট করে মাটিতে পুতে ফেলার নির্দেশ দেন। জব্দ করা মাছের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা।
অভিযানকালে ফুটপাত দখল করে মালামাল রাখায় মেসার্স মনি হার্ডওয়্যার স্টোরের মালিক সেলিমকে দণ্ডবিধি, ১৮৬০-এর ২৯১ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এতে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল বলে জানায় উপজেলা প্রশাসন।
এ ছাড়া অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প পরিচালনা করে জ্বালানি তেল বিক্রির দায়ে মেসার্স রাজু মিনি ফিলিং স্টেশনের মালিক রাজুকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় আরও ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে অবৈধ মিনি পাম্পটি বিনষ্ট ও বন্ধ করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
ইউএনও মো. ইমরানুজ্জামান বলেন, জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় পচা ও দুর্গন্ধযুক্ত চিংড়ি মাছগুলো বিনষ্টের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অবৈধ মিনি পেট্রোল পাম্প পরিচালনা এবং ফুটপাত দখল করে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে সংশ্লিষ্টদের জরিমানা করা হয়েছে। জনস্বাস্থ্য সুরক্ষা, ভোক্তা অধিকার নিশ্চিত করা এবং জনদুর্ভোগ কমাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন